৪০ বছরেরও পুরনো বিল্ডিং। দীর্ঘদিন ধরে কোনও মেরামতি নেই। এইদিকে মোটা টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে ঘর ভাড়া। মেস মালিকদের এই অতিরিক্ত লোভই কি এতজনের মৃত্যুর কারণ? দক্ষিণ দিল্লির সত্য নিকেতনে বহুতল ভেঙে পড়ায় কাঠগড়ায় মেস মালিকদের লোভ। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এই বহুতলের মালিক হরিরাম গুপ্তা ও তাঁর ভাই অতিরিক্ত মুনাফার লোভে এই পুরনো বিল্ডিংটির উপরে আরও ৪ তলা নির্মাণ করেছিলেন। অথচ তাঁরা জানতেন এই ভবনটি বাড়তি ওজন বহন করতে সক্ষম নয়। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে দিল্লির প্রশাসন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর বেশকিছু নিয়ম নীতি আনতে চলেছে দিল্লি সরকার (pg accommodation bill)।
pg accommodation bill: কী ব্যবস্থা নিচ্ছে দিল্লি প্রশাসন?
দিল্লি সরকারের তরফে শহরের হাজার হাজার বেআইনি ও অনিয়ন্ত্রিত পেয়িং গেস্ট বা মেসবাড়িতে রাশ টানতে নয়া উদ্যোগ নিতে চলেছে। এই আবাসনগুলিকে আইনের আওতায় আনতে ‘Paying Guest Accommodation Regulation and Welfare Bill’-এর প্রস্তাব পেশ করা হয়েছে। দিল্লির মুখার্জী নগর, লক্ষ্মী নগর, রাজেন্দ্র নগর এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ও নর্থ ক্যাম্পাসের মতো প্রধান শিক্ষাসংক্রান্ত হাবগুলিতে এই নতুন নীতির অধীনে কঠোর নিয়ম চালু হতে চলেছে। আগামী ১ থেকে ২ মাসের মধ্যে এই নীতি সম্পূর্ণ কার্যকর করা হবে (pg accommodation bill)।
পিজি মালিকদের বাধ্যতামূলক নিয়ম
সমস্ত পিজি মালিকদের ব্যবসার জন্য স্থানীয় জোনাল কর্তৃপক্ষের কাছ থেকে ‘PG Operating Licence’ নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। আইনটি চালুর ৯০ দিনের মধ্যে এই লাইসেন্স নিতে হবে। লাইসেন্স পাওয়ার জন্য পিজি পরিচালকদের বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। এছাড়া পুরসভা, স্ট্রাকচারাল সেফটি (ভবনের স্থায়িত্ব) এবং ফায়ার সেফটি (অগ্নি নির্বাপণ) বিভাগ থেকে NOC নেওয়া বাধ্যতামূলক।
প্রতিটি পিজির প্রবেশপথে সিসিটিভি (CCTV) ক্যামেরা বসানো বাধ্যতামূলক। পাশাপাশি ৩০ দিনের ফুটেজ সংরক্ষণ করতে হবে। ১৫ জন বা তার বেশি শিক্ষার্থী থাকা পিজিগুলিতে রাতে নিরাপত্তারক্ষী ও ৫০০ মিটারের মধ্যে ওয়ার্ডেনের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
ভাড়া ও ডিপোজিটে লাগাম
সর্বোচ্চ ৩ মাসের ভাড়ার সমপরিমাণ টাকা সিকিউরিটি ডিপোজিট বা অ্যাডভান্স হিসেবে নিতে পারবেন। তার বেশি টাকা নিতে পারবেন না পিজি মালিকেরা। পড়ুয়ারা পিজি ছেড়ে দেওয়ার ৩০ দিনের মধ্যে অ্যাডভান্সের টাকা ফেরত দিতে বাধ্য মালিক কর্তৃপক্ষ। দিল্লির বিভিন্ন এলাকা ও জোনের ওপর ভিত্তি করে ভাড়ার একটি নির্দিষ্ট সীমা নির্ধারণের জন্য ‘রেন্ট রেগুলেশন কমিটি’ গঠন করা হবে। কোনও মালিক নির্ধারিত সীমার চেয়ে বেশি ভাড়া আদায় করতে পারবেন না। লিঙ্গ, জাতি বা ধর্মের ভিত্তিতে ভাড়ার বৈষম্য করা নিষিদ্ধ।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লির সত্য নিকেতনের পাঁচতলা পিজি ভেঙে পড়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ ও বেআইনি নির্মাণগুলি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা।












1 thought on “বিপজ্জনক জেনেও বাড়ানো হয়েছে বিল্ডিং, মেস মালিকদের অতি লোভেই প্রাণহানি? কড়া নীতি আনছে সরকার”