বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্সে ভয়াবহ সাইবার হামলার অভিযোগ। প্রায় ৬.৩৪ বিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ‘ট্রেড ট্রেইটর’-এর (TraderTraitor) যোগ থাকার সন্দেহ করছেন ব্লকচেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা হতে পারে। আমেরিকার ব্লকচেন তদন্তকারী সংস্থা টিআরএম ল্যাবস (TRM Labs) জানিয়েছে, এই হামলার পিছনে উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠীর থাকার বিষয়ে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। সংস্থার দাবি, হামলার ধরন এবং বিভিন্ন ডিজিটাল তথ্যের সঙ্গে উত্তর কোরিয়ার আগের সাইবার হামলার মিল পাওয়া গিয়েছে। ব্লকচেন বিশ্লেষক সংস্থা চেনঅ্যানালিসিসও (Chainalysis) একই সন্দেহ প্রকাশ করেছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জোনাথন লেভিন সমাজমাধ্যম এক্সে লিখেছেন, আগের হ্যাকিংয়ের সঙ্গে যোগসূত্রের কারণেই বিন্যান্সে হামলার পিছনে উত্তর কোরিয়ার গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। (Binance Crypto Hack)
২০ মিনিটে উধাও বিপুল অর্থ
টিআরএম ল্যাবসের দাবি, ১০টি ব্লকচেন নেটওয়ার্কে বিন্যান্সের বিভিন্ন ওয়ালেট থেকে প্রায় ৬.৩৬ বিলিয়ন ডলারের ক্রিপ্টো সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র ২০ মিনিটের মধ্যেই বেশিরভাগ অর্থ সরানো হয়। বিন্যান্স এই ঘটনাকে জটিল সাইবার হামলা বলে জানিয়েছে। সংস্থার দাবি, ক্ষতিগ্রস্ত সম্পদের মধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলার আটকে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি, গ্রাহকদের ক্ষতি সামাল দিতে সংস্থা ৬.৩৪ বিলিয়ন ডলারেরও বেশি নিজস্ব তহবিল সংরক্ষিত রেখেছে। (Binance Crypto Hack) এর মধ্যে ৫ বিলিয়ন ডলার রয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত একই ধরনের ক্রিপ্টো সম্পদে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ব্লকচেন বিশেষজ্ঞ এবং বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে কাজ করে চুরি যাওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিন্যান্স।
আগেও একাধিক হামলার অভিযোগ
উত্তর কোরিয়ার লাজারাস গ্রুপের সঙ্গে যুক্ত বলে মনে করা হয় ট্রেড ট্রেইটরকে। ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলার অভিযোগও উঠেছিল এই গোষ্ঠীর বিরুদ্ধে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে ১.৫ বিলিয়ন ডলারের হ্যাকিংয়ের ঘটনায় এফবিআই এই গোষ্ঠীকে দায়ী করেছিল।টিআরএমের দাবি, বিন্যান্সের ঘটনা বাইবিট হ্যাকের প্রায় চার গুণ বড়। এদিকে, এই খবর ছড়াতেই ক্রিপ্টো বাজারে ধস নামে। বিটকয়েনের দাম প্রায় ৪ শতাংশ কমে ৭৭,৪৬৫ ডলারে দাঁড়ায়। বিটকয়েন ও ইথেরিয়ামের দাম যথাক্রমে প্রায় ৫ ও ৬ শতাংশ কমে যায়। বিন্যান্সের নিজস্ব ক্রিপ্টো মুদ্রা বিএনবির দামও প্রায় ১ শতাংশ পড়ে যায়। (Binance Crypto Hack)











