বলিউডের বাদশার সঙ্গে এবার সুরের জগতে আন্তর্জাতিক গায়ক (Ed Sheeran) এড শিরান। শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এর জন্য তৈরি হয়েছে বিশেষ গান ‘তু মিল যায়ে’। আর সেই গান তৈরির নেপথ্যে রয়েছে এক রাতের গল্প। কীভাবে এই প্রজেক্টে যুক্ত হলেন এড শিরান, শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্কই বা কতটা গভীর? সোশ্যাল মিডিয়ায় পর্দার পিছনের সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন ব্রিটিশ গায়ক।
Table of Contents
শাহরুখের প্রস্তাবেই বলিউডে এড
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি বিহাইন্ড দ্য সিনস ভিডিয়ো প্রকাশ করেন (Ed Sheeran) এড শিরান। সেখানে হিন্দিতে (Tu Mil Jaaye) ‘তু মিল যায়ে’ গাইতে দেখা যায় তাঁকে। পাশে ছিলেন সুরকার জিগর সারাইয়া। এড জানান, শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতেই অভিনেতা তাঁকে নিজের আগামী ছবির জন্য একটি গান তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেই সূত্রেই বলিউডে তাঁর প্রথম গান তৈরির অভিজ্ঞতা।
এক রাতেই তৈরি গানের অংশ
(Ed Sheeran) এডের কথায়, শেষবার ভারতে এসে মুম্বইয়ে শাহরুখের বাড়ি মান্নাতে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর গান ‘Sapphire’-এর মিউজিক ভিডিয়োতে শাহরুখকে ক্যামিও চরিত্রে অভিনয়ের অনুরোধ করা। সেই সাক্ষাতেই শাহরুখ তাঁকে সুরকার জুটি সচিন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর সেই রাতেই ‘কিং’-এর জন্য নিজের গানের অংশ লিখে রেকর্ড করেন এড। (Tu Mil Jaaye) গানটিতে অরিজিৎ সিংয়ের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচীও। এডের কথায়, “আমার প্রিয় মানুষদের একসঙ্গে পাওয়া গিয়েছে এই একটি প্রজেক্টে।”
ইউটিউবে রেকর্ড ‘Tu Mil Jaaye’
গত ২ নভেম্বর শাহরুখের ৬১তম জন্মদিনে মুক্তি পায় গানটি। শাহরুখ ও দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছে এই রোম্যান্টিক গানে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় কোনও ভারতীয় ছবির গানের ক্ষেত্রে সর্বাধিক ভিউয়ের রেকর্ড গড়েছে এটি। পিছনে ফেলেছে ‘জওয়ান’-এর ‘Zinda Banda’ গানকে।
কবে মুক্তি ‘কিং’?
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখের সঙ্গে রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল এবং অভয় বর্মা। ‘পাঠান’-এর পর ফের সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ফিরছেন শাহরুখ। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।














