চার বছরের দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে আলাদা হওয়ার কথা নিজেই জানিয়েছেন গায়িকা। বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানান তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কোনওরকম জল্পনা না ছড়ানোর আবেদনও জানিয়েছেন কণিকা। ইনস্টাগ্রাম স্টোরিতে কণিকা লেখেন, অনেক চিন্তাভাবনা এবং আলোচনার পর তিনি ও তাঁর স্বামী আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের জন্য তিনি কৃতজ্ঞ। আগামী দিনের জন্য স্বামীর শুভকামনাও জানিয়েছেন। পাশাপাশি এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার এবং সহানুভূতিশীল থাকার আবেদন করেছেন বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে। (Kanika Kapoor Separation)
২০২২ সালে লন্ডনে বিয়ে
২০২২ সালের ২০ মে গৌতম হাতিরামানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কণিকা কাপুর। লন্ডনে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গৌতমের সঙ্গে বিয়ের আগে প্রায় ১৫ বছর ধরে তাঁর পরিচয় ছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন গায়িকা। প্রথমে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। কণিকা জানিয়েছিলেন, ২০১৪ সালে প্রথমবার গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালেও একই প্রস্তাব দেন। অবশেষে ২০২১ সালের অগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন। পরের বছরই চার হাত এক হয়। (Kanika Kapoor Separation)

প্রথম বিয়ে, তিন সন্তান
এর আগে ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে বিয়ে হয়েছিল কণিকার। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর লন্ডনে চলে যান গায়িকা। সেখানে বেশ কয়েক বছর সংসার করেছেন এবং সন্তানদের বড় করেছেন। রাজ ও কণিকার তিন সন্তান রয়েছে। তাঁদের দুই মেয়ে আয়ানা ও সামারা এবং ছেলে যুবরাজ। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদ হয় কণিকার। এরপর ভারতে ফিরে এসে সঙ্গীতজগতে নিজের কেরিয়ার গড়ার দিকে মন দেন তিনি। এবার দ্বিতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন গায়িকা। তবে এই বিচ্ছেদের কারণ নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি কণিকা বা গৌতম। (Kanika Kapoor Separation)














