উৎসবের দিনে পরিবারের সঙ্গে থাকার সুযোগ হয় না তাঁদের। ভাইফোঁটার দিনেও ভাই-বোন, বাবা-মা ও আপনজনদের থেকে বহু দূরে থাকতে হয়। কারণ, তাঁদের কাছে সবার আগে দেশের সুরক্ষা। সীমান্তে অতন্দ্র প্রহরায় থেকে দেশকে রক্ষা করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর জওয়ানরা। তাঁদের সেই ত্যাগ ও কর্তব্যের কথা মাথায় রেখেই এবার সীমান্তে কর্মরত জওয়ানদের ভাইফোঁটা দিলেন বিজেপির মহিলা সদস্যরা। (BSF Jawans Bhai Phonta)
মহিপালের বিএসএফ ক্যাম্পে ভাইফোঁটার আয়োজন
বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত মহিপালের সাটিমারী বিএসএফ ক্যাম্পে এই ভাইফোঁটার আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদিকার উদ্যোগে বুনিয়াদপুর শহরের বিজেপি মহিলা সদস্যরা ক্যাম্পে উপস্থিত হন। সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তাঁরা। পরিবারের সদস্যদের থেকে দূরে সীমান্তে দায়িত্ব পালন করতে হয় জওয়ানদের। দেশের বিভিন্ন প্রান্তে যখন মানুষ উৎসবে মেতে ওঠেন, তখনও সীমান্ত পাহারায় ব্যস্ত থাকেন তাঁরা। বিশেষ দিনগুলিতে পরিবারের কথা মনে পড়লেও দেশের নিরাপত্তার স্বার্থে নিজেদের দায়িত্ব থেকে সরে আসেন না। সেই সমস্ত জওয়ানের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। (BSF Jawans Bhai Phonta)
কী জানালেন শিখা সরকার?
এদিনের কর্মসূচি প্রসঙ্গে বিজেপির বুনিয়াদপুর শহরের সাধারণ সম্পাদিকা শিখা সরকার বলেন, বিএসএফ জওয়ানরা দিনরাত অতন্দ্র প্রহরায় থেকে দেশ ও দেশের মানুষকে সুরক্ষা দিয়ে চলেছেন। পরিবারের থেকে বহু দূরে থেকে তাঁরা আমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাই তাঁদের দীর্ঘায়ু কামনা করে বুনিয়াদপুর শহর বিজেপির পক্ষ থেকে ভাইফোঁটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এই অনুষ্ঠানে ভাইফোঁটা পেয়ে খুশি বিএসএফ জওয়ানরাও। উৎসবের দিনে পরিবারের থেকে দূরে থাকলেও এদিন স্থানীয় বিজেপি মহিলা সদস্যদের কাছ থেকে ভাইফোঁটা পেয়ে তাঁদের মুখে হাসি ফুটেছে। সীমান্তরক্ষীদের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। (BSF Jawans Bhai Phonta)












