নদিয়ায় ভাইফোঁটার আবহে এবার অভিনব উদ্যোগ নিলেন একদল মহিলা। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় যেমন ফোঁটা দেওয়া হয়, তেমনই গাছের দীর্ঘায়ু কামনা করে বটবৃক্ষের কপালে চন্দনের ফোঁটা দিলেন তাঁরা। গাছ বাঁচানোর বার্তা দিতে ভাতৃদ্বিতীয়া উপলক্ষে এই বিশেষ আয়োজন করল নদিয়ার যুগবার্তা পরিবার। শান্তিপুরের মতিগঞ্জের ফিসারি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। (Tree Worship on Bhai Phonta)
শাস্ত্রীয় রীতি মেনে ভাইফোঁটা পালন হয়েছে। তার আগেই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেয় যুগবার্তা পরিবার। প্রথমে এলাকার একটি বটবৃক্ষের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। এরপর ধান ও দূর্বাঘাস দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করেন পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, মানুষের জীবন ও প্রকৃতি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গাছ বাঁচলে তবেই বাঁচবে পৃথিবী। তাই গাছের প্রতি মানুষের দায়িত্ব ও ভালোবাসা বাড়ানো জরুরি। (Tree Worship on Bhai Phonta)
১০ বছর ধরে চলছে গাছফোঁটার আয়োজন
এই কর্মসূচির মাধ্যমে যুগবার্তা পরিবারের সদস্যরা একটি বিশেষ স্লোগানও তুলে ধরেন। তাঁদের কথায়, “গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ দস্যুদের দুয়ারে পড়লো কাঁটা।” গাছ কাটা এবং প্রকৃতির ক্ষতি করার বিরুদ্ধে সচেতনতা তৈরিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যুগবার্তা পরিবারের পক্ষ থেকে সুমিতা প্রামানিক, সীমা কুন্ডু ও শম্পা প্রামানিক জানান, পরিবেশ রক্ষার আন্দোলনে তাঁদের সদস্যদের বিভিন্ন সময়ে আক্রান্ত হতে হয়েছে। তবে তাতেও তাঁরা পিছিয়ে যাননি। বরং আরও বেশি মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে কাজ করে চলেছেন। (Tree Worship on Bhai Phonta)
তাঁরা জানান, গত ১০ বছর ধরে ভাতৃদ্বিতীয়াকে কেন্দ্র করে এই গাছফোঁটার আয়োজন করা হচ্ছে। তাঁদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরাও। ভাইফোঁটার প্রচলিত রীতির সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা জুড়ে দিয়ে সমাজের সামনে নতুন দৃষ্টান্ত তুলে ধরেছেন নদিয়ার এই মহিলারা।(Tree Worship on Bhai Phonta)












