ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্যাটে ঝড়, পাতে মাটন; মাঠের বাইরে সূর্যের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া

Suryakumar Yadav
---Advertisement---

তারকা ক্রিকেটার মানেই পাঁচতারা হোটেল, বিলাসবহুল খাবার আর আলাদা আয়োজন—এমন ধারণাকেই যেন মাঠের বাইরে এসে সহজে ভেঙে দিলেন (Suryakumar Yadav) সূর্যকুমার যাদব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৫ বলে অর্ধশতরান করার পর সতীর্থদের সঙ্গে মাটিতে বসেই রুটি-মাটন কারি খেলেন মুম্বইয়ের অধিনায়ক। মাঠে ব্যাট হাতে ঝড় তোলার পর মাঠের বাইরে তাঁর এই একেবারে ঘরোয়া সাদামাটা মেজাজের ভিডিয়োই এখন নজর কেড়েছে নেটপাড়ার।

ব্যাট হাতে সূর্যের বিধ্বংসী ইনিংস

সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। ম্যাক্সওয়েল স্বামীনাথনের দুরন্ত বোলিংয়ে (২৩ রানে ৩ উইকেট) ১৭২ রানেই আটকে যায় হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অভিরথ রেড্ডি।

জবাবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মুম্বই। অঙ্গকৃষ রঘুবংশী ১৩ বলে ২৭ এবং হার্দিক তামোরে ২২ রান করেন। এরপর মুশির খান ও (Suryakumar Yadav) সূর্যকুমার যাদবের ব্যাটে ম্যাচের রং বদলে যায়।

মুশিরের সঙ্গে সূর্যের ঝড়

মাত্র ২৪ বলে ৫১ রান করেন মুশির। (Suryakumar Yadav) সূর্যের সঙ্গে তাঁর ৬৫ রানের জুটি মুম্বইয়ের জয় নিশ্চিত করে। সূর্যকুমার ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮৫.৭১। মাত্র ১৩.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বই।

মানিক ভাইয়ের মাটন রান্না, সতীর্থদের সঙ্গে খুনসুটি

তবে ম্যাচের পরের দৃশ্যটিই সবচেয়ে বেশি মন ছুঁয়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, সরফরাজ খান-সহ সতীর্থদের সঙ্গে মাটিতে বসে খাচ্ছেন সূর্য। সামনে গরম রুটি, সঙ্গে মাটন কারি। পাশে চলছে রান্নার আয়োজন।

খেতে খেতেই (Suryakumar Yadav) সূর্যকে বলতে শোনা যায়, “মানিক ভাই ওখানে বসে আছে, আমার জন্য মাটন বানিয়েছে। দাদা এদিকে আটা বেলছে।” অন্যদিকে, উনুনে তৈরি হচ্ছে একের পর এক গরম রুটি। খাওয়ার ফাঁকেই সতীর্থদের সঙ্গে খুনসুটিতেও মাতেন তিনি।

তারকা হয়েও মাটির কাছাকাছি

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, তারকার পরিচিতি—সবকিছুর বাইরে এমন অনাড়ম্বর মুহূর্তই সূর্যকে অন্যভাবে চিনিয়ে দেয়। ঘরোয়া ক্রিকেটে আন্তর্জাতিক তারকাদের অনেকেই ডায়েট ও খাদ্যাভ্যাসের কথা মাথায় রেখে বিশেষ খাবারের ব্যবস্থা বেছে নেন। কিন্তু (Suryakumar Yadav) সূর্যকুমারের এই সহজ, অনাড়ম্বর মুহূর্ত যেন অন্য বার্তা দিল। অবশ্য এমন ছবি তাঁর কাছে নতুন নয়। এর আগেও একাধিকবার সতীর্থদের সঙ্গে সাধারণভাবে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। মাঠে বিধ্বংসী ব্যাটিং, আর মাঠের বাইরে এমন সহজ-সরল আচরণ—দুইয়ের মেলবন্ধনেই আরও একবার অনুরাগীদের মন জিতে নিলেন সূর্য।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now