নদিয়ার (Krishnanagar Burima Temple) কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমার মন্দিরে পুজো দিতে আর জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করতে হবে না ভক্তদের। এবার থেকে বছরের প্রতিটি দিনই দেবীর চরণে পুজো নিবেদন করতে পারবেন পুণ্যার্থীরা। ভক্তদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে মন্দিরে অষ্টধাতুর চরণদ্বয় স্থাপনের উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৮ নভেম্বর বাৎসরিক পুজোর দিন এই নতুন ব্যবস্থার উদ্বোধন হতে চলেছে।
চন্দননগরের পাশাপাশি কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী আরাধনার ঐতিহ্য
জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই প্রথমে চন্দননগরের নাম মনে আসে। তবে এই আরাধনার আদি ক্ষেত্র হিসেবে কৃষ্ণনগর ও নবদ্বীপধামেরও বিশেষ পরিচিতি রয়েছে। (Krishnanagar Burima Temple) কৃষ্ণনগরের বিখ্যাত দেবী বুড়িমাকে কেন্দ্র করে প্রতি বছর জগদ্ধাত্রী পুজোয় অসংখ্য মানুষের সমাগম হয়। বিশালাকার ও অপরূপ সাজে সজ্জিত বুড়িমার প্রতিমা দর্শন এবং পুজো দিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা।
প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর চরণ
এতদিন জগদ্ধাত্রী পুজো শেষ হলে মন্দিরে আর দেবীর বিশালাকার প্রতিমা থাকত না। পরিবর্তে রাখা থাকত একটি বেদি। সেখানেই মাথা ঠেকিয়ে প্রণাম ও পুজো নিবেদন করতেন ভক্তরা। এবার সেই ব্যবস্থায় পরিবর্তন আনছে মন্দির কর্তৃপক্ষ। (Krishnanagar Burima Temple) প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতু দিয়ে তৈরি দেবীর চরণদ্বয় স্থাপন করা হচ্ছে। কাঁসার থালার উপর ওই চরণদ্বয় প্রতিষ্ঠা করা হবে।
১৮ নভেম্বর থেকে শুরু হবে নতুন ব্যবস্থা
(Krishnanagar Burima Temple) মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ নভেম্বর বুড়িমার বাৎসরিক পুজো উপলক্ষে অষ্টধাতুর চরণদ্বয়ের উদ্বোধন হবে। তারপর থেকে বছরের যে কোনও দিন ভক্তরা মন্দিরে এসে দেবীর চরণে পুজো দিতে পারবেন। সকাল ও সন্ধ্যা, দু’বেলাই নিয়মিত চরণদ্বয়ের পুজো হবে।
ভক্তদের কথা ভেবেই এই উদ্যোগ
মন্দির কমিটির সদস্যদের বক্তব্য, সারা বছর দেবীর বিশালাকার প্রতিমা না থাকলেও ভক্তদের আগমন কখনও বন্ধ হয় না। (Krishnanagar Burima Temple) বহু মানুষ মন্দিরে এসে বেদিতে প্রণাম করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। সেই সমস্ত পুণ্যার্থীর কথা মাথায় রেখেই এই নতুন উদ্যোগ। ফলে ১৮ নভেম্বরের পর থেকে বুড়িমার মন্দিরে গিয়ে সারা বছরই দেবীর চরণে পুজো ও প্রার্থনা নিবেদন করতে পারবেন ভক্তরা।










