আমেরিকার বৃহত্তম ব্যাঙ্ক জেপি মরগ্যান চেজের সফটওয়্যারে ত্রুটির জেরে সোমবার বিপর্যস্ত হল অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাহত হল ব্যাঙ্কের লেনদেন। হাজার হাজার গ্রাহক অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়েন। ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক, ট্রুইস্ট এবং ডিজিটাল পেমেন্ট পরিষেবা জ়েলের লেনদেনেও প্রভাব পড়ে। যদিও এই ঘটনার পিছনে কোনও সাইবার হামলার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে জেপি মরগ্যান। (JPMorgan Chase software glitch)
সফটওয়্যারের বাগেই বিপত্তি
আউটেজ সংক্রান্ত তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে সোমবার একাধিক ব্যাঙ্কের গ্রাহকদের অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। এরপর জেপি মরগ্যান চেজ কর্তৃপক্ষ জানায়, তাদের অভ্যন্তরীণ হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যারের একটি ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়েছে। ব্যাঙ্কের মুখপাত্র জো ইভাঞ্জেলিস্তি জানান, এটি সাময়িক প্রযুক্তিগত সমস্যা। এর সঙ্গে সাইবার হামলার কোনও যোগসূত্র পাওয়া যায়নি। এই ত্রুটির কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। জেপি মরগ্যানের সঙ্গে লেনদেন করা অন্য ব্যাঙ্কগুলির গ্রাহকরাও সমস্যায় পড়তে পারেন। তবে গোটা ব্যাঙ্কিং ব্যবস্থায় কোনও বড় ধরনের বিপর্যয় ঘটেনি বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট এবং জমা টাকার নাগাল পাচ্ছেন বলেও জানানো হয়েছে। (JPMorgan Chase software glitch)
জেলের লেনদেনেও প্রভাব
এই সমস্যার প্রভাব পড়েছে জেল ডিজিটাল পেমেন্ট পরিষেবাতেও। তবে জেল পরিচালনাকারী সংস্থা আর্লি ওয়ার্নিং সার্ভিসেস জানিয়েছে, তাদের মূল নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে। কয়েকটি ব্যাঙ্কের অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যার কারণে নির্দিষ্ট কিছু গ্রাহকের টাকা পাঠাতে দেরি হচ্ছে। ইউএস ব্যাঙ্ক-সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানও জানিয়েছে, তাদের নিজস্ব পরিষেবা ঠিক রয়েছে। তবে জেপি মরগ্যানের সঙ্গে যুক্ত লেনদেনে বিলম্ব হচ্ছে। (JPMorgan Chase software glitch)
পরপর প্রযুক্তিগত বিপর্যয় আমেরিকায়
উল্লেখ্য, গত কয়েক দিনে আমেরিকায় একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় রাউটারের সমস্যায় দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। পুরনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক সংযোগ বসানোর কাজ চলাকালীন এই সমস্যা তৈরি হয় বলে জানান মার্কিন পরিবহণ সচিব শন ডাফি।
অন্যদিকে, মাইক্রোসফটের আউটলুক, টিমস এবং কোপাইলট পরিষেবাও ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত হয়েছিল। শনিবার পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানায় সংস্থা। সোমবার ইউনাইটেড এয়ারলাইন্সের প্রযুক্তিগত ব্যবস্থাতেও বড়সড় সমস্যা দেখা দেয়। পরে সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।তবে ব্যাঙ্কিং, বিমান পরিষেবা এবং মাইক্রোসফটের এই সমস্যাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে বলে এখনও প্রমাণ মেলেনি। (JPMorgan Chase software glitch)













