কানাডায় ফের ভারতীয় বংশোদ্ভূতদের খুনের ঘটনা। এবার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে একটি ওয়ালমার্টের বাইরে গুলিতে মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতির। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই তাঁদের উপর হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কানাডার বৃহত্তম খুনের মামলার তদন্তকারী সংস্থা ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (IHIT)। মৃত দম্পতির নাম গগনপ্রীত (গ্যারি) রেহাল এবং সুখজিৎ কৌর। গগনপ্রীতের বয়স ২৩ বছর। অন্যদিকে সুখজিতের বয়স ২৪ বছর। দুজনেই কানাডার ডেল্টা এলাকার বাসিন্দা ছিলেন। (Indian-Origin Couple Killed in Canada)
পুলিশ সূত্রে খবর, গত ১৫ নভেম্বর রাত প্রায় ১০টা ৩৮ মিনিট নাগাদ সারের ৮৮ অ্যাভিনিউ এবং ১২৪ স্ট্রিটের কাছে ওয়ালমার্টের পার্কিং এলাকায় তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী কর্মীরা। দু’জনকে বাঁচানোর চেষ্টা করা হয়। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
পরিকল্পনা করেই খুনের সন্দেহ
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গুলিচালনার প্রায় ১৩ মিনিট পর কাছেই একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। তদন্তকারীদের সন্দেহ, ওই গাড়িটির সঙ্গে খুনের ঘটনার যোগ রয়েছে। গাড়িটিকেই হামলাকারীদের ব্যবহৃত গাড়ি বলে মনে করা হচ্ছে। সংবাদমাধ্যম CBC News-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে জানলার কাচ ভাঙা একটি লাল রঙের মুস্তাং গাড়িও দেখা গিয়েছিল। পুলিশের দাবি, এই হামলার পিছনে সংগঠিত অপরাধচক্রের যোগ থাকতে পারে। গগনপ্রীত আগে অস্ত্র সংক্রান্ত অপরাধের ঘটনায় পুলিশের নজরে ছিলেন। তবে সুখজিতের বিরুদ্ধে কানাডায় তেমন কোনও অভিযোগ বা পুলিশের সঙ্গে যোগাযোগের রেকর্ড ছিল না। (Indian-Origin Couple Killed in Canada)
তথ্য চাইল তদন্তকারীরা
ঘটনার তদন্তভার নিয়েছে IHIT. প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং যাঁদের কাছে ঘটনার সিসিটিভি বা ড্যাশ ক্যামেরার ফুটেজ রয়েছে, তাঁদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। তথ্য দিতে ১-৮৭৭-৫৫১-৪৪৪৮ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
এক মাস আগেও উদ্ধার হয়েছিল ভারতীয় যুবকের দেহ
প্রসঙ্গত, গত মাসেও কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলি এলাকায় একটি জ্বলন্ত গাড়ি থেকে ২৫ বছর বয়সি ভারতীয় যুবক তুষার শর্মার দেহ উদ্ধার হয়েছিল। ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ রলিনসন ক্রিসেন্ট এলাকায় গাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। আগুন নেভানোর সময় গাড়ির ভিতরে দেহের সন্ধান মেলে। তুষার সারের বাসিন্দা ছিলেন। তাঁর কোনও অপরাধের রেকর্ড ছিল না বলেই জানিয়েছিল পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, তাঁকেও পরিকল্পনা করেই খুন করা হয়েছিল। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তুষারের পরিবার ও পরিচিতদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। বিদেশে থাকা আত্মীয়দের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। (Indian-Origin Couple Killed in Canada)













