ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গুজরাটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক, AK-47-সহ ধৃত জইশ জঙ্গি

Gujarat ATS Terrorist Arrest
---Advertisement---

এবার গুজরাটে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল গুজরাটের পুলিশের সন্ত্রাসদমন শাখা (ATS)। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ সাহারুল ইসলাম। সে অসমের করিমগঞ্জের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, ভদোদরায় বায়ুসেনার ঘাঁটিতে একাই হামলা চালানোর পরিকল্পনা করেছিল সে।

শুক্রবার গুজরাট ATS-এর ডিআইজি সুনীল যোশী জানান, পাকিস্তানে থাকা এক হ্যান্ডলারের নির্দেশে এই হামলার ছক কষেছিল অভিযুক্ত। হামলার আগে বায়ুসেনার ঘাঁটি এলাকায় ঘুরে রেইকি করে মোবাইলে ছবিও তুলেছিল সে। হামলার পর পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার।

Gujarat ATS Terrorist Arrest: AK-47-সহ একাধিক সামগ্রী উদ্ধার

ধৃতের কাছ থেকে একটি AK-47 রাইফেল, ২৩টি তাজা কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজ, জইশের পতাকা, মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, গত এক বছর ধরে পাকিস্তানে থাকা জইশের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখছিল সাহারুল। সূত্রের খবর, গত ছয় মাস ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও গুজরাট ATS তার উপর নজরদারি চালাচ্ছিল। গত ২৩ নভেম্বর গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নজর এড়াতে ঘুরপথে গুজরাটে

তদন্তে জানা গিয়েছে, নিরাপত্তার নজর এড়াতে অসম থেকে সরাসরি গুজরাটে আসেনি অভিযুক্ত। একাধিক ট্রেন ও বাস বদলে ঘুরপথে ভদোদরায় পৌঁছেছিল সে। এর আগেও গুজরাটে এসে বিভিন্ন স্পর্শকাতর জায়গার খোঁজখবর নিয়েছিল বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া AK-47 রাইফেলটি পাকিস্তান থেকে পাচার করে ভারতে আনা হয়েছিল।

জুলাই মাসেও গ্রেফতার আট

উল্লেখ্য, গত জুলাই মাসে একাধিক রাজ্যে অভিযান চালিয়ে জইশের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও আটজনকে গ্রেফতার করেছিল গুজরাট ATS। তদন্তকারীদের দাবি, পাটান ও নবসারির দুটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে তরুণদের প্রভাবিত করা এবং সংগঠনের কাজ চালানো হচ্ছিল।

বর্তমানে ধৃত সাহারুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে পাকিস্তানি হ্যান্ডলারদের পরিচয়, অস্ত্রের উৎস এবং গুজরাটে কোনও স্থানীয় সহযোগী ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now