---Advertisement---
lifezone nursing home

India vs USA: সূর্যর লড়াইয়ে যোগ্য সঙ্গত বোলারদের, আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

February 7, 2026 11:16 PM
India vs USA
---Advertisement---

টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান জয়ের মাধ্যমে শুরু করল ভারত, তবে পথটা মোটেও মসৃণ ছিল না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে ২৯ রানের জয় পেলেও ব্যাটিং বিপর্যয় আর অধিনায়ক সূর্যকুমার যাদবের একার লড়াই এই ম্যাচকে আলাদা করে মনে রাখার মতো করে তুলল (India vs USA)।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত পাওয়ারপ্লেতেই চরম ধাক্কা খায়। ওপেনার অভিষেক শর্মা প্রথম বলেই ফিরে যান। এরপর ঈশান কিষান (২০) ও তিলক বর্মা (২৫) কিছুটা চেষ্টা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। শিবম দুবে শূন্য রানে আউট হলে মুহূর্তে ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। ৪৬ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া, যা সাম্প্রতিক সময়ে পাওয়ারপ্লেতে ভারতের অন্যতম দুর্বল শুরু।

একদিকে যখন একের পর এক উইকেট পড়ছে, অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। চারপাশে সতীর্থদের আসা-যাওয়া চললেও তিনি ছিলেন অবিচল। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেলরাও বড় অবদান রাখতে পারেননি। শেষদিকে অক্ষর ও অর্শদীপের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে টেনে তোলেন সূর্য। শেষ ওভারে সৌরভ নেত্রভালকারকে ২১ রান নিয়ে তিনি ৪৯ বলে ৮৪ রানের দুরন্ত, অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ভারতের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৬১ রান। আমেরিকার হয়ে শ্যাডলি ভ্যান শ্যালকউইক মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে চমক দেন।

ওয়েস্ট ইন্ডিজকে হতাশ করল না ইডেন, রোমারিও শেফার্ডের রেকর্ডে জয় দিয়ে শুরু ক্যারিবিয়ানদের

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমেরিকাও শুরু থেকেই চাপে পড়ে। মহম্মদ সিরাজ নতুন বলে আগুন ঝরান। তিনি ২৯ রানে ৩ উইকেট নেন, তাঁকে বিশ্বকাপের দলে শুরুতে না রাখার সিদ্ধান্ত যে ভুল ছিল তার প্রমাণ তিনি নিজেই দিলেন। অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল দু’টি করে উইকেট তুলে নেন। মাঝখানে সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩৭) ও শুভম রঞ্জনের (৩৭) ব্যাটে কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত আমেরিকা থামে ৮ উইকেটে ১৩২ রানে।

এই জয়ের মাধ্যমে শিরোপা রক্ষার অভিযান শুরু করল ভারত। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও, অধিনায়কের ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে আত্মবিশ্বাস নিয়ে এগোল টিম ইন্ডিয়া।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment