কলকাতার ঐতিহ্যবাহী এক হোটেলের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ন্যাক্স প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মঞ্চে দাঁড়িয়ে তিনি নতুন প্রোডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে শুধু ব্র্যান্ড নয়, ক্রিকেট নিয়েও খোলামেলাভাবে নিজের মত প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। চলতি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে আশাবাদী সৌরভ জানান, দল ছন্দে রয়েছে। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি। Sourav Ganguly
এই কোম্পানির সঙ্গে বহুদিন ধরেই যুক্ত মহারাজ। তাই তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠানে সৌরভের উপস্থিতি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কোম্পানির শীর্ষ আধিকারিকদের বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে হাজির হন মহারাজ। সৌরভের উপস্থিতিতে হাততালির রোল ওঠে। দাদার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এর পর এই স্ন্যাকস কোম্পানির দীর্ঘদিনের যাত্রা এবং সৌরভ গঙ্গোপাধ্যায় কতদিন কীভাবে তাদের সঙ্গে জড়িয়ে এই সব কথা তিনি ভাগ করে নেন সবার সঙ্গে।
অনুষ্ঠানের শেষ পর্বে মিডিয়ার মুখোমুখি হয়ে সৌরভ চলতি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স থেকে প্রিয় খেলোয়াড় সব বিষয়ে বক্তব্য রাখেন।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এই প্রসঙ্গে দাদা বলেন, ‘এটি অত্যন্ত বড় ম্যাচ, এখানে ভারতকে হারানো মোটেই সহজ হবে না, ভারত যথেষ্ট ভালো খেলছে।’ টুর্নামেন্টের সূচি নিয়েও উচ্ছ্বসিত তিনি। টিম হিসাবে নেদারল্যান্ডস, নেপাল, স্কটল্যান্ডের খেলা তাঁকে মুগ্ধ করেছে।
‘বিশ্বকাপে তাঁর প্রিয় প্লেয়ার কে?’- প্রশ্ন শুনে হেসে বললেন অনেকে আছে, একজনের নাম বলা কঠিন। তবে এই প্রিয়দের মধ্যে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাদের নাম নিতে ভুললেন না। এছাড়াও ইংল্যান্ডের হ্যারি ব্রুক, ফিল সল্ট, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস তাঁর প্রিয় বলে জানান সৌরভ। বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্বকাপ বয়কট থেকে পুনরায় খেলার সিদ্ধান্তের বিতর্কিত প্রশ্নে দাদা বললেন, ‘রাজনীতি আর খেলা দুটোর জায়গা আলাদা। খেলা হচ্ছে এটাই বড় কথা।’ ২২ গজে পাকিস্তান ও ভারতের চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা দেখার জন্য তিনিও মুখিয়ে আছেন। এই বিশ্বকাপে প্রথম চারে কারা থাকতে পারে বলে মনে করেন মহারাজ? উত্তরে বললেন ভারত তো থাকবেই তাছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড বা নিউ জিল্যান্ডের মধ্যে একটি দল থাকবে। Sourav Ganguly
সাক্ষাৎকারের পরেই এই ব্র্যান্ডের বিভিন্ন ডিস্ট্রিবিউটর ও টিম মেম্বারদের সঙ্গে চলে দাদার ফটোসেশন। এভাবেই অনুষ্ঠানের সমাপ্তি হয়। গল্প, আড্ডা ও সৌরভের উপস্থিতি সব মিলিয়ে বেশ জমজমাট ছিল আজকের এই অনুষ্ঠান।













1 thought on “Sourav Ganguly: মুখরোচক খাবার থেকে বিশ্বকাপের লড়াই, অনুষ্ঠানে খোলামেলা আলোচনায় সৌরভ”