---Advertisement---
lifezone nursing home

India vs Zimbabwe: অভিষেকের কামব্যাকে চিপক জয়, ইডেন জিতলেই সেমিতে সূর্যরা

February 26, 2026 10:59 PM
India vs Zimbabwe
---Advertisement---

চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই ভারতের কাছে আসে ইতিবাচক খবর— দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ়ের হার। ফলে সেমিফাইনালের দৌড়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় সূর্যকুমার যাদবদের (India vs Zimbabwe)। মাঠেও তার প্রতিফলন দেখা গেল। ব্যাট ও বল— দুই বিভাগেই দাপট দেখিয়ে ৭২ রানে জিম্বাবোয়েকে হারাল ভারত। এবার রবিবার কলকাতার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। জয়ী দলই পৌঁছবে শেষ চারে (T20 World Cup 2026)।

চিপকে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনেই বদলে গেল ম্যাচের চিত্র। টপ অর্ডারের সমস্যার সমাধান খুঁজতে ওপেনিংয়ে ফেরানো হল সঞ্জু স্যামসনকে। অভিষেক শর্মার সঙ্গে তাঁর জুটি বিশ্বকাপে প্রথমবার দলকে শক্ত ভিত দেয়। সঞ্জু ১৫ বলে ২৪ রান করে দ্রুত শুরু এনে দেন, আর চার ওভারের মধ্যেই দল পেরিয়ে যায় ৫০। পরে ৩০ বলে ৫৫ রানের ইনিংসে ছন্দে ফেরেন অভিষেক।

মধ্য ও শেষ ওভারে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। ঈশান কিষান (২৪ বলে ৩৮) ও সূর্য (১৩ বলে ৩৩) দ্রুত রান তোলেন। তবে আসল ঝড় তোলেন হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা। ৩১ বলে ৮৪ রানের জুটিতে রান পাহাড় গড়ে ওঠে। হার্দিক ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন, তিলক অপরাজিত ৪৪। ২০ ওভারে ২৫৬/৪— টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর।

২৫৭ রানের লক্ষ্য তাড়া করা জিম্বাবোয়ের পক্ষে কঠিনই ছিল। ব্রায়ান বেনেট (৯৭*) লড়াই চালালেও নিয়মিত উইকেট হারায় তারা। অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং গুরুত্বপূর্ণ আঘাত দেন। শেষ পর্যন্ত ১৮৪/৬-এ থামে জিম্বাবোয়ে। তবে কিছু ওভারে অতিরিক্ত রান দেওয়ায় বোলিং নিয়ে কিছুটা ভাবনায় থাকবে ভারত। সামনে ওয়েস্ট ইন্ডিজ়— সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে প্রস্তুত সূর্যদের দল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment