টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মানেই টানটান উত্তেজনা। তার আগে আবার জমতে চলেছে সুরের আসরও। ভারতের সঙ্গে নিউ জিল্যান্ডের ফাইনাল ম্যাচের আগে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গান শোনাবেন বিশ্বখ্যাত পপ তারকা রিকি মার্টিন। তাঁর সঙ্গে আঞ্চলিক টাচ দেওয়ার জন্যও থাকছেন একাধিক ভারতীয় শিল্পীও। (T-20 World Cup)
আর কিছুক্ষণ পরে এই স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের ফাইনাল। তার আগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। বিকেল সাড়ে তিনটে নাগাদ দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে। তার কিছু পর থেকেই শুরু হবে অনুষ্ঠান। সন্ধ্যার দিকে মঞ্চে উঠবেন রিকি মার্টিন। তাঁর জনপ্রিয় গান আর মঞ্চ মাতানোর অসীম ক্ষমতা আবারও দর্শক এবং ক্রিকেটপ্রেমীদের মন জয় করবে। (T-20 World Cup)
তবে আন্তর্জাতিক তারকার পাশাপাশি এই মঞ্চে ভারতীয় সঙ্গীতের ছোঁয়াও থাকবে। জনপ্রিয় গায়িকা ফাল্গুনী পাঠক এবং পাঞ্জাবি পপ গায়ক সুখবীর সিং বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন। গরবা ঘরানার সুর থেকে পাঞ্জাবি পপ—ভারতীয় সঙ্গীতের দুই ভিন্ন স্বাদেই জমে উঠতে পারে সমাপনী অনুষ্ঠান। ফলে আন্তর্জাতিক তারকার পাশাপাশি দেশিয় শিল্পীদের উপস্থিতিও অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে দিতে পারে। (T-20 World Cup)
ল্যাটিন পপ সঙ্গীতের দুনিয়ায় রিকি মার্টিন বহু বছর ধরেই পরিচিত নাম। তাঁর গাওয়া অনেক গানই বিশ্বজুড়ে জনপ্রিয়। বড় বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরেও এর আগে তিনি পারফর্ম করেছেন। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম এই মাঠে হাজার হাজার দর্শকের সামনে এই পরিবেশনা দেখার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন।
সমাপনী অনুষ্ঠানের পরেই শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। গ্রুপ পর্বে ধারাবাহিক ভালো খেলে দুই দলই সেমিফাইনালে জায়গা করে নেয়। পরে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে শেষ লড়াইয়ে জায়গা করে নেয় ভারত। ফলে টুর্নামেন্টের শুরু থেকে ভালো ছন্দে থাকা এই দুই দলই এখন শিরোপা জয়ের একেবারে দোরগোড়ায়। তাই ক্রিকেটের উত্তেজনার আগে সুরের এই আয়োজনই যেন ফাইনালের আবহকে আরও একটু জমিয়ে দেবে।












