রান্নার গ্যাসের দামে ফের ধাক্কা। ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এর পাশাপাশি মুম্বইয়ে CNG এবং ঘরোয়া PNG-এর দামও বাড়িয়েছে মহানগর গ্যাস লিমিটেড (MGL)। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের চাপের প্রভাবেই এই মূল্যবৃদ্ধি বলে জানানো হয়েছে। (LPG Price Hike)
বাণিজ্যিক LPG-তে বাড়তি খরচ
১৯ কেজির LPG সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। ফলে দাম বাড়ায় এই ক্ষেত্রগুলিতে রান্নার খরচ আরও বাড়তে পারে। এর প্রভাব পরোক্ষভাবে বিভিন্ন পণ্য ও পরিষেবার দামেও পড়ার আশঙ্কা রয়েছে। (LPG Price Hike)
গত সপ্তাহেই LPG সরবরাহ নিয়ে বড় পদক্ষেপ করেছিল কেন্দ্র। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আমদানি করা রান্নার গ্যাসের সরবরাহে কোনও সমস্যা তৈরি হলে যাতে দেশের বাজারে ঘাটতি না হয়, তার জন্য দেশীয় উৎপাদন বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে।
২১ সংস্থার উৎপাদন লক্ষ্যমাত্রা
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ১৩ অগস্ট একটি নির্দেশ জারি করে ২১ টি রিফাইনারি ও আপস্ট্রিম সংস্থার সর্বোচ্চ LPG উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেছে। সব মিলিয়ে প্রতিদিন ৬৩,৮১০ টন LPG উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। (LPG Price Hike)
এই পরিমাণ ২০২৬ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে দেশের মোট দৈনিক LPG উৎপাদনের দ্বিগুণেরও বেশি। দেশের দৈনিক LPG ব্যবহারের প্রায় ৭০ শতাংশও এই উৎপাদন ক্ষমতার আওতায় পড়ে। মূল লক্ষ্য, আন্তর্জাতিক সরবরাহে ধাক্কা এলেও দেশে LPG-এর পর্যাপ্ত মজুত ও সরবরাহ বজায় রাখা।
মুম্বইয়ে CNG-র দাম ৮৮ টাকা
এদিকে মুম্বইয়ে CNG-এর দামও বাড়িয়েছে MGL। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংকটের জেরে আন্তর্জাতিক সূচকের সঙ্গে যুক্ত গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই CNG ও PNG-এর দাম সংশোধন করা হয়েছে।
নতুন হিসাবে মুম্বইয়ে CNG-এর দাম প্রতি কেজিতে ২ টাকা বেড়ে হয়েছে ৮৮ টাকা। ঘরোয়া PNG-এর দামও প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে ১ টাকা বাড়ানো হয়েছে। এই নতুন দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। (LPG Price Hike)
আরও পড়ুন :- পরপর দু’মাস বিমানের জ্বালানির দাম বৃদ্ধি, এবার কি বাড়বে টিকিটের দাম?











