‘খতরো কে খিলাড়ি ১৫’-এর বিজয়ী হলেন টেলিভিশন অভিনেতা অবিনাশ মিশ্র। রোহিত শেট্টি সঞ্চালিত স্টান্টভিত্তিক রিয়্যালিটি শোয়ের ফাইনালে ঋত্বিক ধনজানি এবং ওরিকে হারিয়ে ট্রফি জিতে নিলেন তিনি। বিজয়ী হিসেবে অবিনাশ পেলেন ২০ লক্ষ টাকা, ইউরোপ ভ্রমণের সুযোগ এবং একটি গাড়ি। প্রথম তিনে থাকা তিন প্রতিযোগীকেই একটি করে বাইক দেওয়া হয়েছে। (Avinash Mishra)
ফাইনালে ঋত্বিক-ওরিকে হারালেন অবিনাশ
এক বছর বিরতির পর এই বছরের অগস্টে ফিরেছিল ‘খতরো কে খিলাড়ি’, ‘ডর কা নয়া দৌর’ থিমে সাজানো এই মরসুমে ছিলেন পুরনো ও নতুন, দুই ধরনের প্রতিযোগী। একের পর এক কঠিন স্টান্ট পার করে শেষ পর্যন্ত সেরার শিরোপা পেলেন অবিনাশ। শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি। পুরো মরসুমে কোনও স্টান্ট থেকে সরে দাঁড়াননি অবিনাশ। তাঁর হাতে উঠেছিল ‘সুইফট ইমিউনিটি জ্যাকেট’ও। এর মাধ্যমে কোনও প্রতিযোগীকে এলিমিনেশন থেকে বাঁচানো বা কোনও স্টান্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সুযোগ ছিল তাঁর। (Avinash Mishra)
তবে পথটা সহজ ছিল না। ফারহানা ভাট, ওরি, করণ ওয়াহি এবং ঋত্বিক ধনজানির মতো প্রতিযোগীদের সঙ্গে জোরদার লড়াই করতে হয়েছে তাঁকে।
‘সবচেয়ে বড় জয় আত্মবিশ্বাস’
জয়ের পর অবিনাশ জানান, এই শোতে এসে নিজেকেই প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। এতদিন টেলিভিশনে ‘গুড লুকিং গাই’ হিসেবে পরিচিতি পেলেও নিজের অন্য দিক তুলে ধরতে চেয়েছিলেন। তাঁর মতে, শারীরিক প্রস্তুতির পাশাপাশি এই প্রতিযোগিতায় মানসিক শক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভয়কে সামলে নিজের উপর বিশ্বাস রাখাই ছিল তাঁর সবচেয়ে বড় পরীক্ষা। এই অভিজ্ঞতা তাঁকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী করেছে বলেও জানান অভিনেতা।
প্রায় এক দশকের অভিনয়জীবন
অবিনাশ মিশ্র প্রায় এক দশক ধরে টেলিভিশনে কাজ করছেন। অভিনয়ে আসার আগে তিনি ডিজে ছিলেন। ২০১৬ সালে ‘সেঠজি’ দিয়ে অভিনয়ে পা রাখেন। ২০১৭ সালে ‘ইশকবাজ’ এবং ২০১৮ সালে ‘মরিয়ম খান রিপোর্টিং লাইভ’-এ অভিনয় করে পরিচিতি পান। ২০২২ সালের ‘নাথ’ তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় আনে। ২০২৪ সালে ‘বিগ বস ১৮’-এ অংশ নিয়ে চতুর্থ হন। সেই সময়ই ‘খতরো কে খিলাড়ি ১৫’-এর জন্য তাঁকে চূড়ান্ত করা হয়েছিল। (Avinash Mishra)











2 thoughts on “ভয়কে হারিয়ে ট্রফি জয়, ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-র বিজয়ী অবিনাশ মিশ্র”
Comments are closed.