রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জুয়ার ঋণ মেটাতে মহিলাকে কুয়োয় ফেলে খুনের চেষ্টা যুবকের, ২১ ঘণ্টা লড়ে বাঁচলেন মহিলা

Young Guy Attempts To Murder A Woman
---Advertisement---

অনলাইন জুয়ার নেশায় প্রায় ৪ লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছিল। আর সেই ঋণের বোঝা কম করতেই এক ৫৫ বছরের মহিলাকে কাজের প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গয়না লুট। তারপর কুয়োয় ফেলে খুনের চেষ্টা ২১ বছরের এক কলেজ পড়ুয়ার। কিন্তু মৃত্যুর মুখ থেকেও অবিশ্বাস্যভাবে ফিরে এলেন ওই মহিলা। প্রায় ২১ ঘণ্টা কুয়োর ভিতরে আটকে থাকার পর শেষ পর্যন্ত এক কৃষকের তৎপরতায় তাঁর প্রাণ বাঁচে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার করিমনগর জেলায়।

সম্প্রতি দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, গত ১ জুলাই জি. লক্ষ্মী নামে ৫৫ বছরের ওই মহিলা করিমনগরের টাওয়ার সার্কেল এলাকার শ্রমিক জমায়েত হওয়া জায়গায় কাজের খোঁজে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় গোল্লাপল্লি গ্রামের বাসিন্দা দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্র দাম্মা দিনেশ রেড্ডির। কাজ পাইয়ে দেওয়ার কথা বলে সে প্রথমে মহিলাকে একটি র্যালপিডো বাইকে নিয়ে যায়। পরে নিজের মোটরসাইকেলে তুলে করিমনগর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে থিম্মাপুর হয়ে নুস্তুলাপুর এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যায়। (Young Guy Attempts To Murder A Woman)

সেখানে পৌঁছে অভিযুক্ত প্রথমে মহিলাকে মারধর করে। এরপর তাঁর কাছ থেকে প্রায় ৫ গ্রাম সোনার গয়না এবং ২০ গ্রাম রুপোর গয়না ছিনিয়ে নেয়। প্রমাণ লোপাট করতে তাঁকে একটি কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেয়। তবে কুয়োটি পরিত্যক্ত ছিল না বরং সেটি কৃষি কাজে ব্যবহৃত হত। কুয়োয় পড়ে গিয়েও হার মানেননি জি. লক্ষ্মী। কুয়োতে থাকা একটি দড়ি ধরে ভেসে থাকার চেষ্টা করেন মহিলা। অভিযোগ, সেটিও কেটে দেয় অভিযুক্ত। তিনি সাঁতার জানতেন। তাই কুয়োর ভিতরে কৃষি মোটরের পাইপের সঙ্গে বাঁধা আরেকটি দড়ি ধরে কোনওরকমে বেঁচে থাকেন। টানা প্রায় ২১ ঘণ্টা সেই অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যান তিনি।

বৃহস্পতিবার সকালে পাশের জমিতে কাজ করতে আসা এক কৃষক তাঁর চিৎকার শুনতে পান। সঙ্গে সঙ্গে পুলিশ এবং স্থানীয় মানুষকে খবর দেওয়া হয়। পরে সকলে মিলে তাঁকে কুয়ো থেকে উদ্ধার করেন। এরপর মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে করিমনগর টাউন-৩ থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখে শনিবার অভিযুক্ত দিনেশ রেড্ডিকে গ্রেফতার করে পুলিশ।

EPFO পোর্টালে বন্ধ UAN অ্যাক্টিভেশন, কীভাবে করবেন? রইল বিস্তারিত

করিমনগরের পুলিশ কমিশনার গাউশ আলম জানিয়েছেন, দিনেশ অনলাইন জুয়ার নেশায় প্রায় ৪ লক্ষ টাকা খুইয়ে বসে ছিল। শুধু তাই নয়, বিভিন্ন লোন অ্যাপ থেকেও টাকা ধার করেছিল সে। সেই ঋণ শোধ করতেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তদন্তে পুলিশ করিমনগরের এক গয়নার দোকান থেকে লুট হওয়া সোনার গয়না উদ্ধার করেছে। এছাড়া অভিযুক্তের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং ২০ গ্রাম রুপোর গয়নাও উদ্ধার হয়েছে। (Young Guy Attempts To Murder A Woman)

গ্রেফতারের পর অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই ঘটনা ফের দেখিয়ে দিল, অনলাইন জুয়ার নেশা ঠিক কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment