যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত ডাবল-ডেকার বাসে আচমকা আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বাসের ভিতরেই পুড়ে মৃত্যু ৯ জনের। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জেওয়ার থানা এলাকার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে, নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল শীতাতপ নিয়ন্ত্রিত ওই ডাবল-ডেকার বাসটি। বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন। যমুনা এক্সপ্রেসওয়ের উপর আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। প্রাণ বাঁচাতে কয়েক জন যাত্রী জানলা দিয়ে ঝাঁপ দেন। পরে বাসের জানলা ভেঙে আরও কয়েক জনকে নিরাপদে বের করে আনা হয়।
AC Bus Caught Fire: আগুনে আটকে পড়েন ৯ যাত্রী
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং জেওয়ার থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। বাস থেকে যাত্রীদের বের করে আনার পাশাপাশি ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলে। তবে আগুনের তীব্রতার কারণে ৯ জনকে আর বাঁচানো সম্ভব হয়নি। তাঁদের দেহ আগুনে সম্পূর্ণ ঝলসে যায়।
এশিয়াডে হ্যাটট্রিক, ইতিহাস গড়লেন রোশিবিনার, চোট-বিতর্ক পেরিয়ে ফের রুপো
কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে পুলিশ
তবে ঠিক কী কারণে চলন্ত বাসটিতে আগুন লাগল, তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও দমকল। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার পর এই ধরনের দূরপাল্লার বাসে যাত্রীদের নিরাপত্তা, জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার ব্যবস্থা এবং অতিরিক্ত লাগেজ রাখার নিয়ম নিয়েও ফের প্রশ্ন উঠেছে। (AC Bus Caught Fire)
উল্লেখ্য, চলতি বছরে এর আগে চলন্ত বাসে আগুন লাগার একাধিক ঘটনা ঘটেছে। ফলে দূরপাল্লার বাসগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি নির্গমনের সুযোগ কতটা নিরাপদ, তা নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে।











