বাঙালির রান্নাঘরে মুরগির ঝোল বহু পুরনো পরিচিত পদ। কিন্তু জানেন কি এই পরিচিত রান্নার সঙ্গেই ব্রিটিশ আমলের ইতিহাস জড়িয়ে তৈরি হয়েছে ‘ডাকবাংলো চিকেন’ (Chicken Duckbanglow)। এটি আসলে ব্রিটিশ রাজের সময়ে তৈরি একটি অ্যাংলো-ইন্ডিয়ান রান্না। সময়ের সঙ্গে সঙ্গে সেই রান্নাই জায়গা করে নেয় বাংলার খাদ্যসংস্কৃতিতে।
Chicken Duckbanglow: ‘ডাকবাংলো’ নাম কেন?
ব্রিটিশ শাসনের সময় দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কাজের জন্য যেতেন ব্রিটিশ আধিকারিকরা। তাঁদের থাকার জন্য তৈরি করা হয়েছিল ডাকবাংলো বা বিশ্রামাগার। সেখানে সবসময় ভালো খাবারের ব্যবস্থা থাকত না। ফলে স্থানীয় কর্মী ও রাঁধুনিদের উপরই অতিথিদের খাবার তৈরির দায়িত্ব পড়ত।
স্থানীয় উপকরণ ও মশলা ব্যবহার করে তাঁদের জন্য মুরগির নানা পদ রান্না করা হতো। সেই রান্নাই ধীরে ধীরে ‘ডাকবাংলো চিকেন’ নামে পরিচিতি পায়।
নামের মধ্যেও রয়েছে ইতিহাস
‘ডাকবাংলো’ নামটির সঙ্গেও জড়িয়ে রয়েছে ব্রিটিশ আমলের যোগাযোগ ব্যবস্থা। সেই সময় ডাক বা পোস্টাল ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার কারণেই এই ধরনের বিশ্রামাগারকে ডাকবাংলো বলা হতো। সেখানে তৈরি হওয়া এই বিশেষ মুরগির রান্নার নামও তাই হয়ে যায় ‘ডাকবাংলো চিকেন’।
দেশি মশলায় সাহেবি স্বাদ
এই রান্নার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ভারতীয় ও ব্রিটিশ রন্ধনশৈলীর মেলবন্ধন। স্থানীয় মশলা ও উপকরণের ব্যবহার থাকলেও রান্নাটি তৈরি করা হতো সাহেবদের স্বাদের কথা মাথায় রেখে। কম ঝাল, তেল দিয়ে তৈরি এই পদ রয়েছে ভারতীয় ও ব্রিটিশ স্বাদের এক যুগলবন্দী।
অভাব থেকেই জন্ম, আজ বিশ্বে জনপ্রিয়, জানেন কীভাবে তৈরি হয়েছিল এই বিখ্যাত খাবারগুলি?
বাড়িতেও সহজে রান্না করা যায়
এখন তো চিকেন ডাকবাংলো বা ডাকবাংলো চিকেন আমাদের সকলের কাছেই অন্তত পরিচিত। বাড়িতেই সহজে এই পদ বানানো যায়। জানেন কীভাবে?
এই পদ তৈরি করতে প্রথমে আপনার পরিমাণ মতো মুরগির মাংস টক দই, আদা-রসুন বাটা, লঙ্কা, হলুদ, গরম মশলা ও নুন দিয়ে প্রায় ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
এরপর কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি দিয়ে ফোড়ন দিতে হয়। তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টোম্যাটো দিয়ে ভালো করে কষিয়ে ধনে ও লঙ্কার গুঁড়ো দিতে হয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা মুরগি দিয়ে ১০-১৫ মিনিট নাড়াচাড়া করতে হবে।
এরপর ঢেকে কম আঁচে রান্না করতে হবে। প্রয়োজন হলে সামান্য গরম জল দেওয়া যায়। মুরগি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি ডাকবাংলো চিকেন।
ইতিহাস পেরিয়ে আজ বাঙালির পাতে
একসময় ব্রিটিশ আধিকারিকদের রসনা তৃপ্তির জন্য তৈরি হওয়া এই রান্না আজ বাঙালির খাদ্যসংস্কৃতিরই অংশ। সময় বদলেছে, রান্নার ধরনেও এসেছে কিছু পরিবর্তন। কিন্তু দেশি মশলার সেই স্বাদ আর পুরনো দিনের গল্প এখনও ‘ডাকবাংলো চিকেন’-কে অন্য পদের থেকে আলাদা করে দেয়।












