---Advertisement---
lifezone nursing home

মন্ত্রিত্বে অর্জুন, শঙ্কর, শারদ্বত, সুমনা, অশোক দিন্দারা, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান

June 1, 2026 4:11 PM
BJP MLAs Reaction
---Advertisement---

অবশেষে প্রতীক্ষার অবসান । সোমবার লোকভবনে হলো রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম সম্প্রসারণ। মন্ত্রিত্বের শপথ নিলেন ৩৫ জন বিধায়ক। এর মধ্যে ছিলেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। শীঘ্রই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন সকাল থেকেই লোকভবন চত্বরে ছিল উৎসবের আমেজ। আজ মন্ত্রিসভার ৩৫ মন্ত্রীর শপথ গ্রহণের কথা আগেই সমাজ মাধ্যমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই সকাল ১১টা থেকে লোকভবনে শুরু হয় বহু প্রতীক্ষিত শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ নেন তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, সুমনা সরকার, ইন্দ্রনীল খাঁ, অর্জুন সিং, অশোক দিন্দারাও। শপথ নিয়ে স্বাভাবিকভাবেই খুশি মন্ত্রীরা। নতুন দায়িত্ব পেয়ে কেমন অনুভূতি জানালেন তাঁরা। (BJP MLA’S Reaction)

এদিন মন্ত্রী হয়ে সমস্ত কৃতিত্ব রাজ্যের জনগণকেই দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন মন্ত্রী শংকর ঘোষ। আগামিতে মানুষের জন্য কাজ করবেন বলে জানালেন তিনি। উত্তরবঙ্গ এতদিন যে সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সেগুলি এবার পাবেন বলে আশ্বাস মন্ত্রীর। প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই এবার সেখানে উন্নয়ন শুরু হবে, দাবি শঙ্করের।

নতুন রাজ্য সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংও। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে জগদ্দলের মেঘনা মোর এলাকায় নিজের বাড়ির সামনে শীতলা মন্দিরে পূজা দেওয়ার পাশাপাশি কাঁকিনাড়া ফলাহারি বাবার মন্দিরে পুজো দেন অর্জুন। তৃণমূলে থাকাকালীন পরপর চারবারের বিধায়ক হলেও মন্ত্রীত্ব তাকে দেওয়া হয়নি। তা নিয়ে এদিন আক্ষেপের সুর শোনা গেল অর্জুনের গলায়। সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলে জানান তিনি। (BJP MLA’S Reaction)

এদিন শপথ গ্রহণের পর রাজ্যের সকল মানুষকে ধন্যবাদ জানান বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। নতুন সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আগামিতে রাজ্যের মানুষের জন্যই যথাযথ কাজ করবেন, সে বিষয়ে আশাবাদী তিনি।

পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। এদিন তিনি জানান,”নতুন দায়িত্ব নতুন কাজ। তবে একটু টেনশনও হচ্ছে। ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব তো কম নয়। “দফতর বণ্টন হলে তবেই আগামিতে কীভাবে কাজ করবেন, তা ঠিক করবেন বলে জানান তিনি।

লোকভবনে জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান, শুভেন্দুর মন্ত্রিসভায় আরও ৩৫

নতুন দায়িত্ব পেয়ে বাংলাকে সব দিক থেকে প্রথম স্থানে নিয়ে যেতে চান অশোক দিন্দা। তিনি বলেন, মন্ত্রী হওয়ার জন্য খেলাধুলা ছেড়ে রাজনীতিতে আসেননি। তিনি চেয়েছিলেন রাজ্যে পরিবর্তন হোক। পশ্চিমবঙ্গের মানুষের ভালো হোক, বাংলায় শিল্প আসুক, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক। দল সিদ্ধান্ত নিয়েছে কারা মন্ত্রী হবেন। সেই দায়িত্ব তিনিও পেয়েছেন। দফতর বন্টন হলে, পরবর্তীতে সেই অনুযায়ী কাজ করবেন। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই দিন্দার মূল লক্ষ্য বলে জানান ময়নার বিধায়ক। এই বিশেষ দিনটি পরিবার,বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দে কাটাতে চান বলেও জানান মন্ত্রী। (BJP MLA’S Reaction)

মন্ত্রিত্ব পেয়ে খুশি বলাগড়ের বিধায়ক সুমনা সরকারও। নতুন দায়িত্ব পেয়েই আগে বলাগড়ের জলের সমস্যা মেটাতে চান বলে জানালেন মন্ত্রী। পানীয় জল সংক্রান্ত একটি প্রকল্পের কাজ ৬০ শতাংশ হয়ে থেমে রয়েছে। আগের সরকার সেটা শেষ করতে পারেনি। এবার সেই কাজ সম্পূর্ণ হবে বলে আশ্বাস দিলেন সুমনা। এছাড়াও বলাগড়ের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে বলেও জানান মন্ত্রী।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment