---Advertisement---

বাংলা ছবিতে ফের অনুপম খের, ২৬ বছর পর, প্রযোজনার পাশাপাশি অ্যাক্টিং স্কুলের পরিকল্পনা

June 27, 2026 1:36 PM
---Advertisement---

দীর্ঘ ২৬ বছর পর ফের বাংলা ছবির প্রযোজনায় ফিরছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-র হাত ধরেই এই প্রত্যাবর্তন। কলকাতায় ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। অনুপম খের স্টুডিও এবং ফ্রেন্ডস কমিউনিকেশন-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি। কলকাতার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা রাহুল বোস, পাওলি দাম এবং টোটা রায়চৌধুরী। (Anupam Kher)

কলকাতা সফরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন অনুপম। মূলত নতুন ছবি এবং রাজ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই তাঁদের আলোচনা হয়। বৈঠক শেষে অভিনেতা জানান, ২৬ বছর আগে তিনি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি ‘বাড়িওয়ালি’ প্রযোজনা করেছিলেন, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁর স্ত্রী কিরণ খের। সেই ছবির পর এবার আবার বাংলা সিনেমায় প্রযোজক হিসেবে ফিরছেন তিনি। (Anupam Kher)

অনুপম জানান, ‘শুরু থেকে শুরু’ নামের মধ্যেই রয়েছে নতুন যাত্রার বার্তা। তাঁর কথায়, বাংলা সাহিত্য ও চলচ্চিত্র থেকে তিনি জীবনে অনেক কিছু শিখেছেন। তাই বাংলা সিনেমায় ফের কাজ করতে পারা তাঁর কাছে বিশেষ তাৎপর্যের। মুখ্যমন্ত্রীও এই নতুন উদ্যোগের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান অভিনেতা। (Anupam Kher)

শুধু সিনেমাই নয়, পশ্চিমবঙ্গে ‘অনুপম খের অ্যাক্টিং স্কুল’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর দাবি, রাজ্যে উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা ইতিবাচক। বাংলার সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে বলেছি, শুরু থেকেই শুরু করুন। আমি নিজেও অনেক কিছু বাংলার কাছ থেকেই শিখেছি।” (Anupam Kher)

কলকাতায় প্রায়ই আসেন বলেও জানান অনুপম খের। এবারও তাঁর নাটক ‘জানে পহচানে অঞ্জানে’-র মঞ্চায়নের জন্য শহরে এসেছেন। পাশাপাশি তিনি জানান, শিগগিরই তাঁকে জনপ্রিয় ছবি ‘খোসলা কা ঘোসলা’-র সিক্যুয়েলেও দেখা যাবে। কলকাতায় নেমে শহরের পরিচ্ছন্ন পরিবেশ তাঁর নজর কেড়েছে বলেও মন্তব্য করেন বর্ষীয়ান অভিনেতা। (Anupam Kher)

আরও পড়ুন :- দাদা-দিদিতে নতুন মুখ, দুই মেগা শো-তে সঞ্চালক বদল জি বাংলার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now