বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে, গ্রেফতার হন ক্রিকেটার অভিষেক পোড়েল। দীর্ঘ আইনি টালবাহানার পর কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর কলকাতার দমদম এলাকা থেকে গ্রেফতার করা হয় ক্রিকেটারকে। আজ অভিষেককে আদালতে তোলা হয়। তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে চুঁচুড়ার সিজিএম কোর্টের বিচারপতি। তাঁর বিরুদ্ধে মোট ২০ ধারায় মামলা রুজু হয়েছে (Abishek Porel)।
Abishek Porel: ঘটনার প্রেক্ষাপট
গত ২৩ জুন হুগলির মগরা থানায় কর্নাটকের এক ডাক্তারী পড়ুয়া অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে তাঁর সঙ্গে অভিষেক পোড়েলের সম্পর্ক ছিল। তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতিতে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরে ক্রিকেটার ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করেন। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা তৈরি হলে সেই সমস্যা থানা পর্যন্তও গড়ায় বলে অভিযোগ। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি (Abishek Porel Arrested)।
কী কী ধারায় মামলা?
মঙ্গলবার ক্রিকেটারকে গ্রেফতার করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপরই কলকাতা থেকে ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। অভিষেকের বিরুদ্ধে মোট ২০টি ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (১), ৬৬, ৬৯, ৭৪, ৭৫ (২), ৭৯, ১১৫ (২), ১১৭ (২), ১২৪ (১), ১২৭ (১), ১০৯, ৩০৮ (২), ৩৫১ (২), ৩৫১ (৩), ৩১৬ (২), ৩১৮ (৩), ৬১ (২), ৩ (৫) ধারা ও IT অ্যাক্টের ৬৬E, ৭২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।











