স্কুলের গণ্ডি পেরিয়ে বন্ধুদের জীবনের পথ অনেক সময়ই আলাদা হয়ে যায়। বদলে যায় কাজ, সংসার, ঠিকানা। কিন্তু পুরনো বন্ধুত্ব আর স্কুলজীবনের স্মৃতি কি কখনও পুরোনো হয়? হয় না। ১৯৭৬ সালের স্কুল ব্যাচের একদল বন্ধু যেন তারই প্রমাণ দিলেন। প্রায় পাঁচ দশক পর তাঁরা আবার ফিরে গেলেন নিজেদের পুরোনো স্কুলে। তবে শুধু দেখা করতে নয়, একেবারে স্কুলপড়ুয়ার মতো সেজেই স্কুলের সেই ছোট্ট পড়ুয়াটি হয়ে। কিছু প্রবীণদের এমন কীর্তিই এখন সমাজমাধ্যমে ভাইরাল।
Viral Video: ছাত্র সেজে পুরনো স্কুলে বন্ধুরা
সম্প্রতি ইস্টাগ্রামে রাকেশ নাগরের শেয়ার করা একটি ভিডিয়োতে ধরা পড়েছে এই অন্যরকম পুনর্মিলনের মুহূর্ত। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি স্কুলের ১৯৭৬ সালের ব্যাচের বন্ধুরা ৫০ বছর পর নিজেদের স্কুলে ফিরে এসে হাসি-আড্ডায় মেতে উঠেছেন। তবে পাঁচ দশকের এই ব্যবধান যেন তাঁদের আনন্দে কোনও ছাপই ফেলতে পারেনি।
তবে সাধারণ পোশাক নয়, রাকেশবাবু ও তাঁর বন্ধুরা স্কুলে পৌঁছেছিলেন একেবারে অভিনব সাজে। পরনে স্কুল ইউনিফর্ম সঙ্গে কাঁধে ব্যাগ। গলায় ঝোলানো রঙিন জলের বোতল। দেখলে মনে হবে, এই বুঝি স্কুলের ছুটি হয়েছে। সেই সাজেই পুরনো স্কুলের গেটে হাজির হলেন বন্ধুরা। আর স্কুলে ঢুকতেই যেন মুহূর্তে ফিরে গেলেন নিজেদের ছোটবেলায়। শুধু পুরনো ক্লাসরুম বা স্কুলের মাঠ ঘুরে দেখেই থামেননি তাঁরা। বরং ছোটবেলার স্মৃতিগুলোকে আরও একবার জীবন্ত করে তুলেছেন।
পিট্টু থেকে ‘রেলগাড়ি’ নাচ, সবই হলো
বন্ধুরা মিলে খেললেন ছোটবেলার পরিচিত খেলা পিট্টু। এরপর আরও মজার কাণ্ড। একে অপরের পিছনে দাঁড়িয়ে তৈরি করলেন স্কুলের সেই চেনা রেলগাড়ি। তারপর হাসতে হাসতে শুরু হলো নাচ। এগিয়ে চলল ট্রেন। ভিডিয়োতে তাঁদের উচ্ছ্বাস দেখে বোঝার উপায় ছিল না যে তাঁরা পাঁচ দশক আগে এই স্কুলের ছাত্র ছিলেন। এই প্রবীণদের আনন্দ, হাসি আর একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও।
১০ অক্টোবরের মধ্যে তৈরি হবে ঘর, রাইটার্সে কোন মন্ত্রীরা বসবেন?
‘সোনালি দিনগুলো’ আবার ফিরে পেলেন
এই পুনর্মিলন নিয়ে রাকেশ নাগর জানিয়েছেন, অবসর সময় তাঁরা স্কুলের বন্ধুরা মিলে প্রায়ই ভাবতেন, যদি আবার একবার স্কুলের সেই দিনগুলোতে ফেরা যেত। শেষ পর্যন্ত শুধু স্মৃতিচারণ না করে সেই দিনগুলোকেই নতুন করে বাঁচার করার সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁদের কথায়, “আমরা সবাই সেই স্কুলে ফিরে গিয়েছিলাম, যেখানে একসঙ্গে হাসতাম, খেলতাম এবং বন্ধুত্ব গড়ে উঠেছিল।”
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই নিজেদের স্কুলজীবনের কথা মনে করেছেন। কেউ জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের স্কুলের বন্ধুদের সঙ্গে এমনভাবে দেখা করার সুযোগ হয়নি। আবার কারও কথায়, এই ভিডিয়ো দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে। (Viral Video)
পাঁচ দশক পর পুরনো স্কুলে ফিরে এই বন্ধুরা যেন দেখিয়ে দিলেন, বয়স বাড়লেও ছোটবেলার বন্ধুত্ব আর স্মৃতিগুলো মুছে যায় না। কখনও কখনও শুধু পুরনো জায়গাটায় একবার ফিরে যেতে হয়, গেলেই দেখা যাবে কীভাবে মুহূর্তেই ফিরে আসে সেই স্কুলের দিনগুলো।












