দীপাবলির আবহে কালীপুজোকে ঘিরে উৎসবের মেজাজ মালদায়। পুরাতন মালদার মুচিয়ায় দুর্জয় সংঘের উদ্যোগে মুচিয়া অঞ্চল সার্বজনীন শ্রী শ্যামা কালীপুজোর উদ্বোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। অন্যদিকে, ইংরেজবাজার শহরের আইটিআই মোড় সংলগ্ন বিদ্যাসাগর এভিনিউয়ে ৩১তম বর্ষে পা দিল দিশারী ক্লাবের কালীপুজো। এবারের পুজোয় বাংলার মাটির ঘর, শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরেছেন উদ্যোক্তারা। দুই পুজোর উদ্বোধন ঘিরেই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। (Malda Kali Puja 2026)
মুচিয়ায় ফিতে কেটে পুজোর উদ্বোধন জুয়েল মুর্মুর
রবিবার সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্জয় সংঘের উদ্যোগে আয়োজিত শ্যামা কালীপুজোর আনুষ্ঠানিক সূচনা হয়। ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন, সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার, মুচিয়া পঞ্চায়েতের জনপ্রতিনিধি-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই পুজো মণ্ডপে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। (Malda Kali Puja 2026)
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দুর্জয় সংঘ প্রতি বছর সুন্দরভাবে পুজোর আয়োজন করে। এ বছরও তাঁদের আমন্ত্রণে পুজোর শুভ সূচনা করতে পেরে তিনি খুশি। ক্লাবের সদস্যদের পাশাপাশি মুচিয়া অঞ্চলের বাসিন্দাদেরও দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি উৎসবের দিনগুলিতে শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনার আবেদন জানান প্রতিমন্ত্রী। পথ নিরাপত্তার বিষয়েও সতর্ক করেন তিনি। তাঁর বক্তব্য, উৎসবে যোগ দিতে যাঁরা রাস্তায় বেরোবেন, তাঁদের প্রত্যেককে সাবধানে চলাফেরা করতে হবে। দু’চাকা ও চার চাকার গাড়ি চালানোর সময়ও সতর্ক থাকতে হবে, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।
৩১ বছরে দিশারী ক্লাবের পুজো, থিম ‘মাটির ঘরে মা’
অন্যদিকে, ইংরেজবাজার শহরের আইটিআই মোড় সংলগ্ন বিদ্যাসাগর এভিনিউয়ে দিশারী ক্লাবের কালীপুজো এ বছর ৩১তম বর্ষে পা দিল। এবারের পুজোর থিম ‘মাটির ঘরে মা’। বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন উদ্যোক্তারা। শুধু মণ্ডপসজ্জা নয়, মডেলের সাহায্যে দক্ষযজ্ঞের কাহিনিও লাইভ শোয়ের আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।
শনিবার রাতে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজারের পুরপ্রধান অম্লান ভাদুড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, ক্লাব সম্পাদক তথা কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, পলি সরকার, উদয় চৌধুরী, পূজা দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ক্লাবের সদস্যরা। বড় বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম দিশারী ক্লাবের এই আয়োজন। উদ্বোধনের দিন ছোটদের নিয়েও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু ও বালক-বালিকাদের অংশগ্রহণে অনুষ্ঠান আরও আকর্ষণীয় হয়ে ওঠে। (Malda Kali Puja 2026)
দুই পুজোকে ঘিরে মালদার বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ দেখা গিয়েছে। আগামী কয়েক দিন পুজো, মণ্ডপসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠবে দুই এলাকার মানুষ।














