সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ডিসেম্বরেই দেশে ফেরার কথা জানিয়েছিলেন হাসিনা। সম্প্রতি তিনি পাসপোর্ট ও ভিসা চেয়ে আবেদন করেন। আর সেই দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে রাজধানী ঢাকায় একের পর এক বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। গত কয়েক দিনে শহরের বিভিন্ন জায়গায় ৫০টিরও বেশি ক্রুড বোমা বিস্ফোরণের খবর মিলেছে। পাশাপাশি অন্তত ৮টি বাসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Bangladesh Bomb Blast: রাতে শহরগুলিতে লাগাদার বিস্ফোরণ, বাসে আগুন
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর এলাকা এবং মিরপুরের কালশিতে অন্তত ৮টি বোমা বিস্ফোরণ ঘটে। সোমবার রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বাইরেও একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে একটি না ফাটা বোমাও উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার-স্টুডেন্ট সেন্টারের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। মালিবাগে সিআইডি দফতরের সামনেও রবিবার বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২৭ বছর বয়সি জাবির সালেহিন দীপুও রয়েছেন। অন্যদিকে, সোমবার সন্ধ্যায় ঢাকার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নীচে একটি বেসরকারি সংস্থার বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের জেরে প্রায় ৪০ মিনিট বন্ধ রাখতে হয় সংলগ্ন মেট্রো স্টেশনের পরিষেবা।
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক সংঘাত
আসন্ন ডিসেম্বর মাসেই শেখ হাসিনার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সম্ভাবনা ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। আওয়ামি লিগের সমর্থকদের রাজনৈতিক তৎপরতা বাড়ছে বলে অভিযোগ বিএনপি নেতৃত্বাধীন সরকারের। অন্যদিকে, আওয়ামি লিগের দাবি, তাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এরই মধ্যে লন্ডনের আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন জানানো হয়েছে।
তবে হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ সরকার। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সাধারণ পথে তাঁর প্রত্যাবর্তন নয়, ভারত থেকে তাঁকে সরাসরি ফেরাতে চায় ঢাকা। ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে বলেও দাবি করেছেন তিনি। (Bangladesh Bomb Blast)
সব মিলিয়ে হাসিনার প্রত্যাবর্তন, বিএনপি-আওয়ামি লিগের সংঘাত এবং একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগে ডিসেম্বরের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছে।













