বাবা নেই। তাই তো মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে মেয়ের পাশে দাঁড়ানোর মতো মানুষটির অভাব ছিল। কিন্তু সেই অভাব কিছুটা হলেও পূরণ করলেন বাবার সহকর্মীরা। তবে মেয়ের কাছে তাঁরা শুধু বাবার সহকর্মী নন, তাঁরাই যেন হয়ে উঠলেন পরিবারের সদস্য। রাজস্থানের আলওয়ারে এক সেনাকর্মীর মেয়ের বিয়েতে এমনই ঘটনার সাক্ষী থাকল গোটা পরিবার। প্রয়াত সেনাকর্মীর মেয়ের বিয়েতে বাবার সমস্ত দায়িত্ব পালন করলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও আধিকারিকরা। (Army Soldiers at Colleague’s Daughter Wedding)
সহকর্মীর মেয়ের বিয়েতে হাজির গোটা রেজিমেন্ট
জানা গিয়েছে, হাবিলদার পাপ্পাল সিং ভারতীয় সেনাবাহিনীর ১৬তম জাঠ রেজিমেন্টের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারকে জীবনের নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে মেয়ে প্রীতির বিয়ের মতো বড় অনুষ্ঠানে বাবার অনুপস্থিতি যে কতটা কষ্টের, তা সকলেই বুঝতে পেরেছিলেন।
তাইতো সহকর্মীর পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে এগিয়ে আসেন রেজিমেন্টের সদস্যরা। প্রীতির বিয়ের দিন সেনার পোশাকেই অনুষ্ঠানে হাজির হন জওয়ান ও আধিকারিকরা। শুধু উপস্থিত থাকাই নয়, কনের বাবার যে সমস্ত দায়িত্ব থাকে, সেগুলিও নিজেদের কাঁধে তুলে নেন তাঁরা। পাশাপাশি বিয়ের খরচের জন্য পরিবারকে ১ লক্ষ ৬১ হাজার টাকা আর্থিক সাহায্যও করেন।
বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশ
অনুষ্ঠানে পাপ্পাল সিংয়ের স্ত্রী অনিতা দেবীকেও বিশেষ সম্মান জানানো হয়। তাঁর হাতে শীতবস্ত্র তুলে দিয়ে পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন সেনাকর্মীরা। তবে বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় মেয়ের বিদায়ের সময়। নতুন জীবনের পথে পা বাড়ানোর আগে বাবার অনুপস্থিতি আরও বেশি করে অনুভব করেন প্রীতি। সেই সময় তাঁর পাশে দাঁড়ান বাবার সহকর্মীরা। আশীর্বাদ থেকে শুরু করে পরিবারের দায়িত্ব পালন, সব ক্ষেত্রেই তাঁকে আগলে রাখেন তাঁরা।
উল্লেখ্য, একই অনুষ্ঠানে প্রীতির পাশাপাশি তাঁর খুড়তুতো বোন পূজারও বিয়ে হয়। দুই বোনের বিয়ের অনুষ্ঠান হয়েছিল একই জায়গায়। (Army Soldiers at Colleague’s Daughter Wedding)
এই ঘটনাই আরও একবার বুঝিয়ে দিল, সম্পর্ক শুধু রক্তের হয় না, সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বে, ভরসায়। তাইতো সেনাবাহিনীতে সহকর্মীদের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছিল তা থেকে গিয়েছে সহকর্মীর মৃত্যুর পরেও। জওয়ানের ইউনিফর্মের আড়ালে থাকা এই মানবিক সম্পর্কই প্রমাণ করল, একজন সেনার পরিবার কখনও একা নয়। যিনি দেশের জন্য নিজের জীবনও বাজি রাখেন তার জন্য এইটুকু তো করাই যায়।














