হিন্দু মন্দিরে গণহত্যার পরিকল্পনার অভিযোগে আমেরিকায় গ্রেফতার ১৯ বছরের এক তরুণ। পুলিশের দাবি, ইলিনয়েসের অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরকে টার্গেট করার পরিকল্পনা করেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় তার পরিকল্পনা ভেস্তে যায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শ এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে হিংসার উল্লেখ রয়েছে, এমন একটি নথিও উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। পালাটাইনের বাসিন্দা ওই তরুণ একটি রেস্তরাঁয় ক্যাশিয়ারের কাজ করত। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ১১ অক্টোবর, রবিবার হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। যদিও ঠিক কোন মন্দিরকে নিশানা করার কথা ভেবেছিল সে, তা এখনও স্পষ্ট নয়।
Mass Shooting Plan: সহকর্মীকে ফোন করে জানায় বন্দুক জ্যাম হওয়ার কথা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির কাছ থেকে গণহামলার পরিকল্পনার খবর পাওয়ার পর পাপোরাকিসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ, সে ওই ব্যক্তিকে একটি নথি পাঠিয়েছিল। তাতে গণহামলার পরিকল্পনার পাশাপাশি রাইফেল, বন্দুকের ম্যাগাজিন, বডি আর্মার এবং অন্যান্য সামরিক সরঞ্জামের ছবিও ছিল।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত তার সহকর্মীদের বলেছিল, রবিবার দিনটি হতে চলেছে ‘বিশেষ’। ওই দিনই এক সহকর্মীকে ফোন করে সে জানায়, তার বন্দুক জ্যাম হয়ে গিয়েছে। এরপর কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় বলে অভিযোগ।
ধরপাকড়ের পরেও দমছেন না দীপকেরা, ফের তেরঙ্গা মিছিলের ডাক
বাড়িতে মিলল রাইফেল, কয়েকশো রাউন্ড গুলি
তদন্তে পাপোরাকিসের লেখা বলে দাবি করা ‘হোয়াই আই ফট: অরোরা শুটারের ম্যানিফেস্টো’ নামে একটি নথির সন্ধান পায় পুলিশ। তাতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও উগ্রপন্থী মতাদর্শের পাশাপাশি দক্ষিণ এশীয়, বিশেষত ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে হিংসার উল্লেখ ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।
১১ অক্টোবর সন্ধ্যায় নিজের বাড়ি থেকে বেরনোর সময় পালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় পাপোরাকিস। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ভর্তি ম্যাগাজিন, কয়েকশো রাউন্ড অতিরিক্ত গুলি, সামরিক সরঞ্জাম এবং বডি আর্মার উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। একটি ভেস্টে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী উগ্রপন্থার সঙ্গে যুক্ত ছবিও ছিল।
অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বুধবার আদালতে তাকে পেশ করা হলে বিচারক হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। এদিকে, সম্ভাব্য হামলার খবর পেয়ে অরোরা-সহ সংশ্লিষ্ট এলাকার হিন্দু মন্দির বা উপাসনালয়গুলিকে সতর্ক করেছিল পুলিশ।












1 thought on “হিন্দু মন্দিরে গণহত্যা করতে গিয়ে বন্দুক জ্যাম, গ্রেফতার তরুণ”
Comments are closed.