---Advertisement---
lifezone nursing home

Sourav Ganguly: সৌরভকে বিশেষ সম্মান ম্যানচেস্টার ইউনাইটেডের, ওল্ড ট্র্যাফোর্ড যাচ্ছেন মহারাজ

March 11, 2026 2:07 PM
Sourav Ganguly
---Advertisement---

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান জানাতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (Sourav Ganguly Manchester United)। আগামী ১৫ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ইউনাইটেডের গুরুত্বপূর্ণ ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেই ম্যাচেই আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’-কে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফুটবলের সম্পর্ক বহু পুরনো। ছোটবেলা থেকেই তিনি ফুটবলপ্রেমী এবং দীর্ঘদিন ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। ক্রিকেট খেলাকালীন সময়ে ইংল্যান্ডে গেলে সুযোগ পেলেই গ্যালারিতে বসে প্রিয় ক্লাবের ম্যাচ দেখেছেন তিনি। ইউনাইটেড কর্তৃপক্ষ অনেক আগেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল, তবে বিশ্বকাপের ব্যস্ততার কারণে তখন যেতে পারেননি। অবশেষে এবার সেই আমন্ত্রণ রক্ষা করতে ইংল্যান্ড উড়ছেন সৌরভ।

জানা গিয়েছে, অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যাচে তিনি বিশেষ হসপিটালিটি বক্সে বসে খেলা দেখবেন। সৌরভ নিজেই জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ তাঁকে বিশেষভাবে সম্মানিত করতে চায়। তাঁর সঙ্গে গ্যালারিতে থাকতে পারেন মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও। যদিও সানা চেলসি ক্লাবের সমর্থক বলে পরিচিত।

এই ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। ফলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচের গুরুত্ব অনেক।

ইংল্যান্ডে রওনা দেওয়ার আগে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেন সৌরভ। সেখানে তিনি হাওড়া ইউনিয়ন ক্লাবের একটি তথ্যচিত্র ও কফি টেবিল বুক উদ্বোধন করেন। তিনি বলেন, এই ক্লাবের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ক্রিকেট, ফুটবল ও হকিতে এই ক্লাবের অবদান উল্লেখযোগ্য।

বুধবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন সৌরভ। ২০ মার্চের পরে আবার কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment