(Frozen Screen UPI Scam) আপনার ফোন স্ক্রিন হঠাৎ ফ্রিজ হয়ে গেল। কিছুতেই কোনও অ্যাপ খুলছে না, স্ক্রিনে ভেসে উঠছে অচেনা এরর ম্যাসেজ। ঠিক সেই সময়েই ফোন আসে ‘কাস্টমার কেয়ার’ থেকে—সমস্যা সমাধানের নামে দেওয়া হয় কিছু নির্দেশ। আপনি হয়তো ভাবছেন, এটা নিছক প্রযুক্তিগত সমস্যা। কিন্তু এই সামান্য আতঙ্কের মুহূর্তকেই কাজে লাগিয়ে আপনার UPI, ব্যাঙ্কিং তথ্য বা ফোনের নিয়ন্ত্রণ হাতিয়ে নিতে পারে সাইবার প্রতারকরা। ‘Frozen Screen UPI Scam’ নামে পরিচিত এই প্রতারণায় প্রযুক্তিগত ত্রুটি অনেক সময় আসল ঘটনা নয়, বরং বড় প্রতারণার আগে তৈরি করা একটি বিভ্রান্তি।
‘Frozen Screen UPI Scam’ আসলে কী?
এই প্রতারণায় প্রথমে এমন পরিস্থিতি তৈরি করা হয়, যাতে ব্যবহারকারীর মনে হয় ফোন, ব্যাঙ্কিং অ্যাপ অথবা UPI অ্যাকাউন্টে কোনও গুরুতর সমস্যা হয়েছে। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন, অচেনা লিঙ্ক, ভুয়ো এরর ম্যাসেজ কিংবা প্রতারকের ফোন—যে কোনও মাধ্যমেই শুরু হতে পারে বিষয়টি।
কুইক হিল টেকনোলজিসের সিইও হরিশ কুমারের মতে, স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়াটা অনেক সময় আসল ঘটনা নয়, বরং ব্যবহারকারীর মনোযোগ সরিয়ে দেওয়ার এক কৌশল। এরপর ‘সমস্যা ঠিক করা’, ক্যাশব্যাক বা রিওয়ার্ড পাওয়া, অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিংবা পরিষেবা চালু করার অজুহাতে ব্যবহারকারীকে APK ডাউনলোড করতে বলা হতে পারে।
Frozen Screen UPI Scam: ভুয়ো APK-তেই লুকিয়ে বিপদ
প্রতারকরা রিওয়ার্ড, ক্যাশব্যাক, ভেরিফিকেশন বা সার্ভিস অ্যাপ্লিকেশনের নামে ক্ষতিকর APK ইনস্টল করাতে পারে। অ্যাপটি ফোনে ঢোকার পর অ্যান্ড্রয়ডের অ্যাক্সেসিবিলিটি, নোটিফিকেশন, SMS বা অন্যান্য গুরুত্বপূর্ণ অনুমতি চাইতে পারে।
এই অনুমতিগুলির অপব্যবহার করে প্রতারকরা ফোনের কার্যকলাপ নজরে রাখতে, নোটিফিকেশন পড়তে, OTP সংগ্রহ করতে কিংবা স্ক্রিনের বিভিন্ন অংশে ব্যবহারকারীর অজান্তে ফোন ব্যবহারের চেষ্টা করতে পারে।
সিকরাইট ল্যাবসের গবেষকদের তৈরি ইন্ডিয়া সাইবার থ্রেট রিপোর্ট ২০২৬-এর প্রসঙ্গ তুলে হরিশ কুমার জানান, ভুয়ো পরিষেবা ও ইউটিলিটি অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে SMS, কল এবং নোটিফিকেশনের অ্যাক্সেস চেয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে।
চালু হচ্ছে ‘WhatsApp Bill Payment’ পরিষেবা, বিদ্যুৎ থেকে গ্যাসের বিল এবার মেটান একই অ্যাপে
UPI-এর এনক্রিপশন ভাঙতে হয় না
(Frozen Screen UPI Scam) এই ধরনের প্রতারণার ক্ষেত্রে প্রতারকদের UPI-এর মূল এনক্রিপশন বা নিরাপত্তা ব্যবস্থা ‘ভেঙে’ ফেলতেই হবে, এমন নয়। ফিউচারএক্স-এর দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট রুচিন কুমারের ব্যাখ্যা, আক্রমণকারীরা সাধারণত ডিভাইস, ক্রেডেনশিয়াল, অথেন্টিকেশন ফ্যাক্টর অথবা লেনদেন প্রসেস-এর মতো দুর্বল জায়গাগুলিকে নিশানা করে।
SMS-ভিত্তিক OTP আটকানো, ভুয়ো অ্যাপ বা ফিশিং পেজের মাধ্যমে ব্যাঙ্কিং ক্রেডেনশিয়াল চুরি, অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি অনুমতির অপব্যবহার কিংবা স্ক্রিন শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার—সবই হতে পারে এর অংশ। আবার অনেক ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই কাজ হাসিল হয়। ব্যবহারকারী নিজেই অজান্তে UPI পিন দিয়ে দেন বা একটি লেনদেনের অনুমোদন করে ফেলেন।
ফলে লেনদেনটি প্রযুক্তিগতভাবে ‘অথেন্টিকেটেড বা প্রমাণিত’ হলেও সেটি আসলে প্রতারণার ফল হতে পারে।
কেন তৈরি করা হয় ভুয়ো প্রযুক্তিগত সমস্যা?
(Frozen Screen UPI Scam) এই প্রতারণার অন্যতম অস্ত্র হলো আতঙ্ক ও তাড়াহুড়ো। ফোন বা ব্যাঙ্কিং অ্যাপে সমস্যা হয়েছে বলে বিশ্বাস করলে ব্যবহারকারী দ্রুত সমাধান খুঁজতে চান। সেই সুযোগেই প্রতারক নিজেকে কাস্টমার সাপোর্ট বা প্রযুক্তিগত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে নির্দেশ দিতে পারে।
ডেলকম টেলিসিস্টেমসের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র সিংহের মতে, ডিভাইস, অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারী—তিনটিই নিরাপত্তা শৃঙ্খলের অংশ। প্রতারকরা প্রযুক্তির প্রতি মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে একটি কাল্পনিক প্রযুক্তিগত সমস্যা তৈরি করে রিমোট অ্যাক্সেস, স্ক্রিন শেয়ারিং বা ভেরিফিকেশন অ্যাপ ইনস্টল করানোর চেষ্টা করছে।
হু হু করে কমবে দাম, বাজারে আসছে আড়াই লক্ষ টন চিনি
ফোন ফ্রিজ হলে কী করবেন?
- সন্দেহজনকভাবে স্ক্রিন ফ্রিজ হওয়ার পর কোনও অচেনা ব্যক্তি ফোন করলে তাঁর নির্দেশ মেনে চলবেন না।
- সঙ্গে সঙ্গে মোবাইল ডেটা ও ওয়াইফাই বন্ধ করুন।
- কোনও ব্যাঙ্কিং তথ্য বা UPI পিন দেবেন না।
- অচেনা APK ইনস্টল করা থেকে বিরত থাকুন।
- ইতিমধ্যে কোনও সন্দেহজনক অ্যাপ ইনস্টল হয়ে গেলে সেটি সরিয়ে ফেলুন।
- অ্যাক্সেসিবিলিটি ও ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনের অপ্রয়োজনীয় অনুমতি বাতিল করুন।
- বিশ্বস্ত নির্ভরযোগ্য নিরাপত্তা সমাধান ব্যবহার করে ফোন স্ক্যান করুন।
Frozen Screen UPI Scam: তথ্য ফাঁস হলে কী করবেন?
- ব্যাঙ্কিং তথ্য ফাঁস হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।
- সাম্প্রতিক লেনদেন পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় তথ্য একটি নিরাপদ বা অন্য ডিভাইসে পরিবর্তন করুন।
- আর্থিক প্রতারণা হয়ে গেলে ১৯৩০ নম্বরে রিপোর্ট করুন।
- অচেনা ব্যক্তির দেওয়া নম্বর বা লিংক ব্যবহার না করে ব্যাঙ্কের ভেরিফাইড মাধ্যমগুলির ব্যবহার করুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা—সাধারণ UPI সমস্যার সমাধানের জন্য কোনও ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারী সাধারণত রিমোট-অ্যাক্সেস অ্যাপ ইনস্টল করতে বা স্ক্রিন শেয়ার করতে বলবে না। তাই হঠাৎ ফোন ফ্রিজ হওয়ার পর অচেনা ‘সাপোর্ট’ কল, APK ইনস্টলের নির্দেশ বা ব্যাংকিং তথ্য চাওয়ার ঘটনা একসঙ্গে ঘটলে সেটিকে বড়সড় সাইবার প্রতারণার সতর্কসংকেত হিসেবেই দেখুন।
মিড ডে মিলে মাংস নিয়ে ধুন্ধুমার কাণ্ড; ছাত্রদের মারে রক্তাক্ত প্রধানশিক্ষক, ভাঙচুর স্কুলে












