---Advertisement---
lifezone nursing home

জমি দখলে FIR-এর নির্দেশ, জনতার দরবারে কড়া বার্তা অর্জুন সিংয়ের

June 8, 2026 2:34 PM
---Advertisement---

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। সেই পরিকল্পনারই বাস্তব রূপ দেখা গেল রবিবার। নোয়াপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে ‘জনতার দরবার’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন তিনি। প্রথমে নীলগঞ্জের মাতারাঙ্গি মোড়ে এবং পরে গারুলিয়া পৌরসভার সংলগ্ন বিধায়ক কার্যালয়ে জনতার দরবারের আয়োজন করা হয়। মন্ত্রীর সামনে নিজেদের অভিযোগ জানাতে ভিড় জমান বহু বাসিন্দা। (Arjun Singh)

অভিযোগের বেশিরভাগ ছিল আগের তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, জমি দখল, আবাসন সংক্রান্ত অনিয়ম এবং বিভিন্ন সরকারি পরিষেবা পেতে দুর্নীতির আশ্রয় নেওয়ার মতো ঘটনা ঘটেছে। অভিযোগকারীদের বক্তব্য, কিছু কাউন্সিলর এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের মদতেই এইসব কর্মকাণ্ড চলেছে। একাধিক বাসিন্দা নির্দিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। (Arjun Singh)

জনতার অভিযোগ শুনে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অর্জুন সিংকে। তিনি জানান, প্রত্যেকটি অভিযোগ লিখিতভাবে নথিভুক্ত করা হচ্ছে এবং বিষয়গুলি খতিয়ে দেখা হবে। তাঁর অভিযোগ, মানুষের প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে এবং বহু ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি বা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কয়েকটি ক্ষেত্রে সরাসরি FIR দায়ের করার নির্দেশও দেন তিনি। (Arjun Singh)

দরবার চলাকালীন একাধিক অভিযোগকারী সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলেন। এক মহিলা অভিযোগ করেন, তাঁদের পরিবারের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি শুনে অর্জুন সিং তাঁকে আইনানুগ পথে অভিযোগ জানাতে বলেন এবং সংশ্লিষ্ট বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। অন্যদিকে, এক প্রবীণ মহিলা দাবি করেন যে গারুলিয়ার ৩ নম্বর ওয়ার্ডে তাঁদের দেড় কাঠা জমি বেআইনিভাবে দখল করে বুলডোজার চালানো হয়েছে। মহিলার কাছে জমির বৈধ নথি আছে কি না জানতে চান মন্ত্রী। নথিপত্র নিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে FIR দায়ের করতে হবে এবং প্রশাসনকে বিষয়টি দেখতে বলা হবে। (Arjun Singh)

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “মানুষ নিজেরাই এসে দুর্নীতির নানা অভিযোগ জানাচ্ছেন। সব অভিযোগ নোট করা হচ্ছে। কোথাও পৌরসভার গাফিলতি, কোথাও তোলাবাজি, কোথাও জমি সংক্রান্ত সমস্যা—সব বিষয় খতিয়ে দেখা হবে।” তিনি জানান, সমস্যা সমাধানের জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছে। প্রাক্তন বিধায়ক সুনীল সিং, বিজেপি নেতা ধনঞ্জয় মালো-সহ কয়েকজন সদস্য এই কমিটিতে রয়েছেন। তাঁরা পৌরসভার সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের পথ খুঁজবেন।

মন্ত্রী আরও বলেন, জনতার দরবার কোনও একদিনের কর্মসূচি নয়। আগামী দিনেও বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে। তাঁর দাবি, মানুষের সমস্যার দ্রুত সমাধান হলে অভিযোগের সংখ্যা যেমন কমবে, তেমনই প্রশাসনের প্রতি মানুষের আস্থাও বাড়বে। রবিবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং, পৌর পরিষদ সদস্য সমিরেন্দ্রকৃষ্ণ সাহা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় মালো এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব। (Arjun Singh)

আরও পড়ুন :- বছরে আয় মাত্র ৫ লাখ, ২৪টি জমির মালিক, শওকতের স্ত্রীর চোখ টাটানো সম্পত্তি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “জমি দখলে FIR-এর নির্দেশ, জনতার দরবারে কড়া বার্তা অর্জুন সিংয়ের”

Leave a Comment