বারুইপুরের পশুপাচার কাণ্ডের তদন্তে বড় অগ্রগতি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ‘আরণ্যক বনভোজন উদ্যান’-কে ঘিরে দীর্ঘদিন ধরেই পশু,পাখি পাচার করার অভিযোগ উঠছিল। বুধবার সেই অভিযোগ খতিয়ে দেখতেই ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক, পরে গ্রেফতার করা হয়েছে উদ্যানের সুপারভাইজার পল্লব ভারতীকে। বুধবার গভীর রাতে তাঁকে সঙ্গে নিয়ে তাঁর বৈষ্ণবপাড়ার বাড়ি, আদিগঙ্গার ধারে থাকা রেস্তোরাঁ এবং ঢাকুরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় বারুইপুর থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত স্থানীয় বাসিন্দাদের অভিযোগকে কেন্দ্র করে। তাঁদের দাবি, একসময় আরণ্যক বনভোজন উদ্যানে ১৩টি ময়ূর, একাধিক কচ্ছপ, টিয়া-সহ দেশি ও বিদেশি নানা প্রজাতির পাখি ছিল। কিন্তু ধীরে ধীরে সেগুলি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। অভিযোগ, পশুপাখিগুলি অবৈধভাবে পাচার করে বিক্রি করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি ময়ূর ও অন্যান্য পাখির মৃত্যুর অভিযোগও উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। (Baruipur Animal Smuggling)
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযানে নামে বারুইপুর থানার পুলিশ। প্রথমে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে রাতে আরণ্যক বনভোজন উদ্যানের সুপারভাইজার পল্লব ভারতীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বুধবার গভীর রাতে পল্লব ভারতীকে নিয়ে তাঁর বৈষ্ণবপাড়ার তিনতলা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় তাঁর স্ত্রী ও ছেলেকেও বাড়িতে নিয়ে আসা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বাড়ির প্রতিটি ঘরে তল্লাশি চালালে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
পুলিশ সূত্রে খবর, এদিন তল্লাশি চালিয়ে বাড়ির বাইরে থেকে কিছু ময়ূরের পালক উদ্ধার হয়েছে, যা ঘর সাজানোর কাজে ব্যবহৃত হতো। এছাড়াও উদ্ধার হয়েছে আফ্রিকান টিয়া ও কাকাতুয়া পাখি। বাড়ির ভিতরে একটি বাক্স থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, দলিল এবং কয়েকটি চেকবইও উদ্ধার করেছে তদন্তকারী দল। (Baruipur Animal Smuggling)

শুধু বাড়িই নয়, আদিগঙ্গার ধারে আরণ্যক বনভোজন উদ্যান সংলগ্ন পল্লব ভারতীর ‘চায়ে কাফে’ নামের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে একাধিক রেজিস্ট্রেশন খাতা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরপর অভিযুক্তকে নিয়ে তাঁর ঢাকুরিয়ার ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া নথি ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতা গৌতম চক্রবর্তী অভিযোগ, পশু-পাখি পাচার চক্রের সঙ্গে বারুইপুরের কয়েকজন তৃণমূল কাউন্সিলরের যোগ থাকতে পারে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
পশু উদ্যান থেকে রাতারাতি উধাও ময়ূর, কচ্ছপ; পশু পাচারের অভিযোগে আটক ৩
পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, পাচার হওয়া পশু-পাখিগুলি কোথায় গিয়েছে এবং এর পিছনে বড় কোনও চক্র সক্রিয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বন দফতর ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। (Baruipur Animal Smuggling)










1 thought on “বারুইপুরে পশু পাচার কাণ্ডে জোর তল্লাশি, সুপারভাইজার পল্লব ভারতীর বাড়ি-রেস্তোরাঁ থেকে মিলল গুরুত্বপূর্ণ সূত্র”