তাসের ঘরের মতো ভেঙেছে মাটির ঘর-বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পরিবারের। ভাঙা ঘরের সামনে সার দিয়ে রাখা গবাদি পশুর দেহ। এমনই মর্মান্তিক দৃশ্য চোখে পড়ল ঝাড়গ্রামে (Jhargram)।
Jhargram: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে জনজীবন কার্যত বিপর্যস্ত। নদী-নালা উপচে জল ঢুকছে গ্রামে, কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর দুর্বল মাটির বাড়িগুলিও ভেঙে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। বর্ষার এই দুর্যোগে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারগুলি, যাদের এখনও পাকা বাড়ির সুবিধা মেলেনি। এই পরিস্থিতিতেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর–২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের পাটাজানিয়া গ্রামে দেখা গেল মর্মান্তিক দৃশ্য (Jhargram)।
টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া একটি মাটির বাড়ি আচমকাই ভেঙে পড়ে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে বাড়ির দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হয় একটি গরু, তিনটি শূকর এবং একাধিক হাঁস-মুরগি। মুহূর্তের মধ্যে সর্বস্ব হয়ে অসহায় হয়ে পড়ে পরিবারটি। জীবন জীবিকার চরম ক্ষতির কথা ভেবে কী করবেন ঠিক করতে পারছে না।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নয়াগ্রাম ৫ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তাপস সুঁই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের খোঁজখবর নেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত সরকারি ক্ষতিপূরণ, ত্রাণ সামগ্রী এবং আবাস যোজনার আওতায় পাকা বাড়ির ব্যবস্থা করার দাবি জানান।
বিজেপি নেতা তাপস সুঁই জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অবিলম্বে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমীক্ষা চালিয়ে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব করা উচিত। তাঁর দাবি, যাঁরা এখনও আবাস যোজনার সুবিধা পাননি, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে পাকা বাড়ি দেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে এলাকার সার্বিক উন্নয়ন সেভাবে হয়নি। তাঁর বক্তব্য, বহু দরিদ্র ও প্রকৃত উপভোক্তা এখনও আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ফলে প্রতি বর্ষায় কাঁচা বাড়ি ভেঙে পড়া এবং মানুষের দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
বর্ষা এলেই আতঙ্কে বুক কাঁপে গ্রামের মানুষের। দুর্বল কাঁচা বাড়িতে বসবাসকারী বহু পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটান। কবে মাথার উপর কংক্রিটের ছাদ হবে সেই আশাতেই দিন গুনছেন, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর–২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামের মানুষ।











1 thought on “টানা বৃষ্টিতে ভাঙল কাঁচা বাড়ি! মর্মান্তিক দৃশ্য ঝাড়গ্রামে”