ভারতে কর্মী ছাঁটাই শুরু করেছে মার্কিন চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম (Qualcomm)। সংস্থার এই সিদ্ধান্তে চাকরি হারাতে পারেন প্রায় ১,০০০ কর্মী। ইতিমধ্যেই একাধিক কর্মী ছাঁটাইয়ের মুখে পড়েছেন বলে খবর। তাঁদের মধ্যে কয়েকজন সোশ্যাল মিডিয়ায় ছাঁটাইয়ের পর সংস্থার তরফে দেওয়া ক্ষতিপূরণের বিষয়টি প্রকাশ করেছেন। সেখানে কর্মীদের জন্য তিন মাসের বেতন এবং সংস্থায় কাজের মেয়াদ অনুযায়ী অতিরিক্ত টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। (Qualcomm India Layoffs 2026)
ভারতে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা
ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৭ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম। সংস্থার মোট কর্মী সংখ্যা প্রায় ৫২ হাজার। সেই হিসাবে চাকরি যেতে পারে প্রায় ৩,৬০০ জনের। এর মধ্যে ভারতে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। আগামী জানুয়ারিতেও আরও এক দফা ছাঁটাই হতে পারে। ভারতে বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি-এনসিআর এবং চেন্নাইয়ে কোয়ালকমের দফতর রয়েছে। সব মিলিয়ে সেখানে কর্মরত প্রায় ২০ হাজার মানুষ। ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সদ্য কাজে যোগ দেওয়া কর্মীরাও। এ বিষয়ে ইন্ডিয়া টুডে টেকের তরফে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করেনি সংস্থা। (Qualcomm India Layoffs 2026)
ছাঁটাই হলে কত টাকা পাবেন কর্মীরা?
কোয়ালকমের এক কর্মী রেডিটের সংস্থার নিজস্ব ফোরামে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তাঁর দাবি, ছাঁটাইয়ের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন দেওয়া হচ্ছে। পাশাপাশি সংস্থায় যত বছর কাজ করেছেন, সেই অনুযায়ী অতিরিক্ত এক মাসের বেতন মিলবে। এছাড়া দু-তিন দিনের মধ্যে ছাঁটাই সংক্রান্ত নথিতে সই করলে আরও এক মাসের বেতন দেওয়ার প্রস্তাব রয়েছে। ওই কর্মীর দাবি, তাঁর ম্যানেজার জানিয়েছেন, এই সিদ্ধান্ত ব্যক্তিগত কাজের দক্ষতার ভিত্তিতে নয়, বরং ব্যবসায়িক প্রয়োজনেই নেওয়া হয়েছে। অন্য এক সিনিয়র কর্মী তাঁকে জানিয়েছেন, একই পদে থাকা অন্যদের তুলনায় কাজের অভিজ্ঞতা কম হওয়ায় তিনি ছাঁটাইয়ের তালিকায় পড়েছেন।
কেন কর্মী ছাঁটাই করছে সংস্থা?
গত মাসে কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন কর্মীদের জানিয়েছিলেন, বার্ষিক মূল্যায়নের পর বিশ্বজুড়ে কর্মী সংখ্যা কমানো হবে। নভেম্বর থেকে কর্মীদের ছাঁটাইয়ের নোটিস দেওয়া শুরু হওয়ার কথা ছিল। স্মার্টফোন চিপের ব্যবসায় আয় কমে যাওয়াও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। গত ত্রৈমাসিকে হ্যান্ডসেট ব্যবসা থেকে সংস্থার আয় ২৫ শতাংশ কমেছে। অন্যদিকে, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং কানেক্টেড ডিভাইসের ব্যবসায় জোর দিচ্ছে কোয়ালকম। অ্যাপলের পণ্য থেকে ভবিষ্যতে আয় কমার আশঙ্কাও রয়েছে। (Qualcomm India Layoffs 2026)
প্রযুক্তি দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঘটনা অবশ্য নতুন নয়। layoffs.fyi-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে ৩৫০টি সংস্থা মিলিয়ে ১ লক্ষ ৪২ হাজারের বেশি প্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন। মাইক্রোসফট, গুগল এবং মেটার মতো সংস্থাও কর্মীদের স্বেচ্ছাবসরের প্রস্তাব দিয়েছে। (Qualcomm India Layoffs 2026)














