অবশেষে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকলো। প্রচণ্ড গরম, অস্বস্তিকর আবহাওয়া আর বৃষ্টির অপেক্ষার মধ্যেই এল স্বস্তির খবর। অবশেষে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের তিন দিন পরে বৃহস্পতিবার কেরল উপকূলে বর্ষার আগমন ঘটেছে। এর জেরে আগামী কয়েক দিনের মধ্যে দেশের একাধিক অংশে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই কেরল এবং লাক্ষাদ্বীপের সম্পূর্ণ এলাকায় প্রবেশ করেছে। পাশাপাশি কর্নাটক ও তামিলনাড়ুর কিছু অংশেও বর্ষার অগ্রগতি শুরু হয়েছে। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে গোয়া, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রের আরও কিছু অংশে বর্ষা পৌঁছে যাবে। একই সময়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে। (Weather Update)
অন্যদিকে বাংলার পূর্বাভাসে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। (Weather Update)
দক্ষিণবঙ্গে অবশ্য আপাতত গরম ও অস্বস্তি থেকে সম্পূর্ণ মুক্তি মিলছে না। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি বলে জানানো হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও শুক্রবার ভিজতে পারে গোটা দক্ষিণবঙ্গ। তবে তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও আর্দ্রতার কারণে অনুভূত গরম অনেকটাই বেশি থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। (Weather Update)
স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গেও ভিজবে সব জেলা?









