কলকাতার ব্যস্ত প্রশাসনিক এলাকায় রাজভবনের সামনে শুক্রবার এক পথদুর্ঘটনায় গুরুতর জখম হলেন কলকাতা পুরসভার এক কর্মী। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন বলে জানা গিয়েছে। (Kolkata Raj Bhavan)
পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে কামালগাজিগামী ২৬ এ নম্বর সরকারি বাসটি দুপুরের দিকে রাজভবনের পাশ দিয়ে যাচ্ছিল। বাসটি রাজভবন সংলগ্ন এলাকা থেকে বাঁ দিকে কেসি দাস মোড়ের দিকে ঘোরার সময় আচমকাই বিপত্তি ঘটে। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে একটি মোটরবাইক দ্রুতগতিতে বাসটিকে ওভারটেক করে রেড রোডের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বাসের অত্যন্ত কাছে চলে আসে। (Kolkata Raj Bhavan)
প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। মোটরবাইকটি বাসের চাকার তলায় চলে যায় এবং মুহূর্তের মধ্যে সেটি দুমড়ে-মুচড়ে যায়। বাইক আরোহী গুরুতর জখম হন। পরে জানা যায়, আহত ব্যক্তি কলকাতা পুরসভার কর্মী। যদিও দুর্ঘটনার সময় পর্যন্ত তাঁর পূর্ণ পরিচয় জানা যায়নি। (Kolkata Raj Bhavan)
পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বাসটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আহত পুরকর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করে তদন্তকারীরা। (Kolkata Raj Bhavan)











