ধর্মতলার ছাত্র আন্দোলনে হাতে ধরা একটি পোস্টারকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিনেত্রী (Sreelekha Mitra) শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রদর্শনের অভিযোগে সোনারপুর ও আনন্দপুর থানায় FIR দায়ের করল বিজেপি। গ্রেফতারের দাবিও উঠেছে। পাল্টা ভিডিয়ো বার্তায় শ্রীলেখা দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে ওই পোস্টার হাতে নেননি এবং ভয় দেখিয়ে আন্দোলনের কণ্ঠরোধ করা যাবে না।
সোনারপুর থানায় বিজেপির অভিযোগ
যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মতলার ছাত্র আন্দোলনের আড়ালে কিছু বাম ও অতিবাম সংগঠন আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য খাতে নিয়ে যায়। সেই কর্মসূচিতে অভিনেত্রী (Sreelekha Mitra) শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত ছবি-সহ পোস্টার জনসমক্ষে প্রদর্শন করেন বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই পোস্টার দেশের ভাবাবেগে আঘাত করেছে এবং প্রধানমন্ত্রীকে অপমান করার উদ্দেশ্যেই তা করা হয়েছে। এই অভিযোগে সোনারপুর থানায় FIR দায়ের করা হয়েছে এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
অভিযোগপত্রে কী লেখা হয়েছে?
অভিযোগকারী সুকান্ত সাহা, যিনি নিজেকে বিজেপির কর্মী বলে উল্লেখ করেছেন, অভিযোগপত্রে দাবি করেন, শ্রীলেখা মিত্র ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি জনসমক্ষে তুলে ধরে তাঁকে অপমান করেছেন। তাঁর বক্তব্য, এই ঘটনায় বিজেপি কর্মী-সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে। তাই প্রশাসনের কাছে উপযুক্ত আইনি পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।
কেয়া ঘোষের FIR ও গ্রেফতারের দাবি
অন্যদিকে, বিজেপি নেত্রী কেয়া ঘোষও আনন্দপুর থানায় (Sreelekha Mitra) শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে পৃথক FIR দায়ের করেছেন। তাঁর অভিযোগ, আন্দোলনের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে প্রদর্শন করা হয়েছে। থানার অফিসার-ইন-চার্জের কাছে দ্রুত অভিনেত্রীকে গ্রেফতারের আবেদন করেছেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে কেয়া ঘোষ দাবি করেন, এই ধরনের ‘দেশবিরোধী উপাদান’-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
“Arrest her immediately.
— News Arena India (@NewsArenaIndia) July 26, 2026
I've come to police station to file complaint against this leftist for sharing shameful image.
I thank CM Suvendu Adhikari for taking prompt action such anti national elements.”
– BJP's Keya Ghosh files FIR against actor Srilekha Mitra over PM's image… pic.twitter.com/80k98UcYTP
Sreelekha Mitra: ভিডিয়ো বার্তায় শ্রীলেখার পাল্টা জবাব
বিতর্কের পর নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো পোস্ট করেন শ্রীলেখা মিত্র। ক্যাপশনে তিনি লেখেন, ‘অ্যারেস্ট করলে করবেন, ফাঁসি দিলে দেবেন, আবার একটা আন্দোলন হবে… আমি তৈরি… আপনারা?’
ভিডিয়ো বার্তায় অভিনেত্রী (Sreelekha Mitra) বলেন, এটি কোনও ‘জাস্টিফিকেশন’ নয়, তবে বিষয়টি নিয়ে বহু ফোন পাওয়ায় নিজের অবস্থান স্পষ্ট করা জরুরি। তাঁর দাবি, তিনি বিজেপি বা মোদিবিরোধী হলেও দেশদ্রোহী নন। শ্রীলেখার বক্তব্য, আন্দোলনের সময় দিল্লি থেকে আনা বহু পোস্টার ঘুরছিল, লাঠিচার্জ ও বিশৃঙ্খলার মধ্যে তিনি না দেখেই একটি পোস্টার হাতে নিয়ে ছবি তুলেছিলেন। চশমা ছাড়া থাকায় পোস্টারের বিতর্কিত অংশ তাঁর নজরেই পড়েনি বলেও দাবি করেন তিনি।
Sreelekha Mitra: বিজেপিকে কটাক্ষ
ভিডিয়োতে বিজেপিকে কটাক্ষ করে শ্রীলেখা বলেন, ‘আপনারাই বলেছেন ভয় আউট, ভরসা ইন। অথচ এখন মানুষের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছেন।’ শুভেন্দু অধিকারীর উদ্দেশে তিনি বলেন, আগে নিজের আপ্ত সহায়ক এর খুনের দোষীদের শাস্তি দিন হোক, তারপর আন্দোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। শেষে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘অ্যারেস্ট করলে করবেন, ফাঁসি দিলে দেবেন, আবার একটা আন্দোলন হবে। আমি তৈরি।’










