আগামী ৯ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত সারা রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কেন্দ্রের এই দেশব্যাপী কর্মসূচি পালন করা হবে এই রাজ্যেও।দেশের প্রতি ভালোবাসা, জাতীয় পতাকার মর্যাদা এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা মেনেই গোটা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
Har Ghar Tiranga: কেন্দ্রের নির্দেশেই হবে কর্মসূচি, যুক্ত হচ্ছে ‘বন্দে মাতরম’
কেন্দ্রের নির্দেশের ভিত্তিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছেন। এবারের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের সঙ্গেও যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলে এবার অফলাইন কর্মসূচি হোক বা অনলাইন অনুষ্ঠান—সব জায়গাতেই জাতীয় পতাকার পাশাপাশি ‘বন্দে মাতরম’ গানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া, Har Ghar Tiranga পোর্টালে যে সমস্ত মানুষ নিজের তিরঙ্গা হাতে ছবি বা সেলফি আপলোড করবেন, তাঁদের ছবিতে স্বয়ংক্রিয়ভাবে ‘বন্দে মাতরম’-এর গানের কথা যুক্ত হয়ে যাবে।
রয়েছে আরও বিশেষ অনুষ্ঠান
এই কর্মসূচি সফল করতে জেলা প্রশাসন, কলকাতা পুরসভা, সমস্ত পুরসভা, পঞ্চায়েত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে তিরঙ্গা র্যালি, প্রভাত ফেরি, সাইকেল ও ই-বাইক শোভাযাত্রা আয়োজন করা হবে।
একই সঙ্গে সরকারি অফিস, ঐতিহ্যবাহী ভবন, বাস টার্মিনাস এবং বাজার তিরঙ্গার রঙে আলোকসজ্জায় সাজানো হবে। স্কুল-কলেজে স্বাধীনতা সংগ্রামীদের উক্তি এবং দেশাত্মবোধক গান প্রদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে জাতীয় পতাকার ইতিহাস নিয়ে প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা এবং তিরঙ্গা রঙ্গোলি-র মতো নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। (Har Ghar Tiranga)
SBI ম্যানেজারকে চড়, CCTV-তে ধরা পড়া এই মহিলা কে? জানলে চমকে যাবেন
কর্মসূচি পরিচালনার জন্য মিলবে আর্থিক সহায়তাও
কর্মসূচির জন্য প্রতিটি জেলা এবং কলকাতা পুরসভাকে ১ লক্ষ ৫০ হাজারটি করে জাতীয় পতাকা দেওয়া হবে। পাহাড়ি জেলা কালিম্পংকে দেওয়া হবে ২০ হাজারটি পতাকা।
একইসঙ্গে দেওয়া হবে আর্থিক সহায়তাও। প্রতিটি জেলা পাবে ১ লক্ষ টাকা। প্রতিটি মহকুমা পাবে ৫০ হাজার টাকা। প্রতিটি ব্লক ও পুরসভা পাবে ২০ হাজার টাকা এবং পুরনিগমগুলি পাবে ১ লক্ষ টাকা। কর্মসূচি শেষ হওয়ার পরে প্রতিটি জেলা প্রশাসনকে নবান্নে বিস্তারিত রিপোর্ট এবং অনুষ্ঠানের ছবি জমা দিতে হবে।
এই কর্মসূচিতে কীভাবে অংশ নেবেন?
ধাপ ১: Har Ghar Tiranga পোর্টালে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর এবং রাজ্য/দেশের নাম লিখে তথ্য জমা দিন।
ধাপ ২: জাতীয় পতাকা হাতে একটি সেলফি বা ছবি তুলুন। ছবিতে তিরঙ্গা স্পষ্টভাবে দেখা যেতে হবে।
ধাপ ৩: তোলা ছবিটি Browse Files থেকে নির্বাচন করে অথবা Click Picture অপশন ব্যবহার করে সরাসরি পোর্টালে আপলোড করুন।
ধাপ ৪: ছবি আপলোড হয়ে গেলে Generate Certificate-এ ক্লিক করুন। এরপর আপনার নামে Har Ghar Tiranga অংশগ্রহণের সার্টিফিকেট তৈরি হবে, যা ডাউনলোড বা শেয়ার করতে পারবেন।










