কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মবলিদান করা বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার কলকাতার টালায় শহিদ ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যের বাড়িতে আয়োজিত হলো বিশেষ স্মরণসভা। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে শহিদ হওয়া এই বাঙালি সেনা আধিকারিকের আত্মত্যাগকে স্মরণ করে তাঁর পরিবারের সদস্য, প্রাক্তন সেনাকর্মী, জনপ্রতিনিধি তথা শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করেন। (Kolkata Kargil Vijay Diwas)
কার্গিল যুদ্ধে অমর আত্মত্যাগ
১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। প্রায় দুই মাস তিন সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে পাকিস্তানের দখলে চলে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ চূড়া পুনর্দখল করে ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানে ৫২৭ জন ভারতীয় জওয়ান প্রাণ উৎসর্গ করেন। তাঁদের মধ্যেই ছিলেন কলকাতার টালার বাসিন্দা এবং শিখ রেজিমেন্টের তরুণ অফিসার ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্য। (Kolkata Kargil Vijay Diwas)
ফেরার স্বপ্ন আর পূরণ হয়নি
মাত্র ২৪ বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন ক্যাপ্টেন কনাদ। ১৯৯৯ সালের ২১ মে বিকেল থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মামার বাড়িতে মানুষ হওয়া জয়পুরিয়া কলেজের প্রাক্তন ছাত্র কনাদের ইচ্ছা ছিল যুদ্ধ জিতে ফিরে এসে মা পূর্ণিমা দেবীর হাতে নিজের বীরত্বের পদক তুলে দেবেন। কিন্তু দীর্ঘ প্রায় দু’মাস তাঁর কোনও খোঁজ মেলেনি। পরে ১৫ জুলাই টাইগার হিল থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়। ১৭ জুলাই কফিনবন্দি অবস্থায় তাঁর দেহ কলকাতায় পৌঁছয়।
শ্রদ্ধা নিবেদনে মন্ত্রী, সেনা ও বিশিষ্টজনেরা
কার্গিল বিজয় দিবস উপলক্ষে টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সমাজসেবী নবরতন ঝাওয়ার ও কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারির সহযোগিতায় এই স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শহিদের স্মৃতির উদ্দেশে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন। (Kolkata Kargil Vijay Diwas)
নতুন প্রজন্মের কাছে দেশপ্রেমের বার্তা
অনুষ্ঠানে ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যের নেতৃত্বে কার্গিল যুদ্ধে দায়িত্ব পালন করা শিখ রেজিমেন্টের একাধিক সেনাসদস্য তাঁর সাহস, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, দেশের প্রতি নিষ্ঠা ও কর্তব্যবোধই ছিল কনাদের সবচেয়ে বড় পরিচয়। একই মঞ্চ থেকে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নতুন প্রজন্মের উদ্দেশে দেশপ্রেম, শৃঙ্খলা এবং আদর্শের শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তাঁর বক্তব্যে শহিদদের আত্মত্যাগের মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। (Kolkata Kargil Vijay Diwas)
আরও পড়ুন :- পরীক্ষায় অনিয়ম রুখতে বড় পদক্ষেপ, Infosys-এর সহ প্রতিষ্ঠাতার হাতে সংস্কারের দায়িত্ব দিল কেন্দ্র












1 thought on “কার্গিলের বীর সেনাকে প্রণাম, টালায় শহিদ ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা”