ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তুরে হাওয়ায় বাড়ছে শীতের আমেজ, কলকাতায় আরও কমবে তাপমাত্রা?

Weather Update
---Advertisement---

রাজ্যে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাবে বাড়ছে শীতের আমেজ। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রির নীচে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই কুয়াশার দাপট দেখা যেতে পারে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

Weather Update: কোন কোন ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে রাজ্যে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমশ অসমের দিকে সরে যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রদেশ, অসম এবং কেরলেও ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। তবে এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা তৈরি হয়নি।

দক্ষিণবঙ্গে কতটা নামবে তাপমাত্রা?

আজ, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। আকাশ মূলত পরিষ্কার থাকবে। ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনে পারদ আরও কিছুটা নামতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। রাতের তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উত্তরে কুয়াশার দাপট, কোথায় কমবে দৃশ্যমানতা?

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার পাশাপাশি বাড়ছে কুয়াশার সম্ভাবনা। সকাল থেকেই বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় কুয়াশার প্রভাব বেশি থাকার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকার পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। (Weather Update)

কলকাতায় ২০ ডিগ্রির নীচে পারদ, আরও বাড়বে শীতের অনুভূতি?

শহর কলকাতাতেও ধীরে ধীরে অনুভূত হচ্ছে শীতের আমেজ। হালকা উত্তুরে হাওয়ার প্রভাবে গত ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯৭ শতাংশের মধ্যে রয়েছে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সেই পূর্বাভাস অনুযায়ীই নামতে শুরু করেছে পারদ। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। ফলে সকাল ও রাতের দিকে শীতের আমেজ আরও বাড়বে। সব মিলিয়ে উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে ধীরে ধীরে জাঁকিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে শীত।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now