রবিবার আচমকাই নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে পৌঁছন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হাসপাতালে পৌঁছে তিনি একাধিক বিভাগ ঘুরে দেখেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ বৈঠকেও যোগ দেন। বৈঠকে হাসপাতালের চিকিৎসক, আধিকারিক-সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
Sumana Sarkar’s Surprise Visit: স্বাস্থ্য পরিষেবার স্বচ্ছতা খতিয়ে দেখতেই হঠাৎ পরিদর্শন
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, কাছেই কৃষ্ণনগরের একটি রক্তদান শিবিরে এসেছিলেন তিনি। তারপরই ‘সারপ্রাইজ ভিজিটে’ শক্তিনগর জেলা হাসপাতালে পৌঁছন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের সঠিক পরিষেবা দেওয়া এবং ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেওয়ার পরামর্শও দিয়েছেন। বিশেষ করে রাতের দিকেও যাতে হাসপাতালে চিকিৎসা পেতে কোনও রোগীকে অপেক্ষা না করতে হয় সে বিষয়েও হাসপাতালে সুপারের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তাঁর কথায়, সরকারি হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত করতে এবং সর্বত্র স্বচ্ছতা বজায় রাখতে তিনি জেলার হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলি নিয়মিত পরিদর্শন করছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন তিনি কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতাল ঘুরে দেখেন।
হাসপতালে চলবে না দালাল চক্র
এদিকে, সাম্প্রতিক সময়ে জেলা হাসপাতালগুলিতে দালাল চক্রের সক্রিয়তা নিয়ে নানা অভিযোগ উঠছে। সেই প্রসঙ্গেও প্রশ্ন করা হলে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকারি হাসপাতালে কোনওভাবেই দালাল চক্র চলতে দেওয়া হবে না। যদি এমন কোনও ঘটনা সামনে আসে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, সরকার এই বিষয়গুলির ওপর কড়া নজর রাখছে। (Sumana Sarkar’s Surprise Visit)
সুমনা সরকার আরও দাবি করেন, আগের সরকারের গাফিলতির কারণেই রাজ্যের বহু সরকারি হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগের মুখে পড়েছিল। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে সরকারি স্বাস্থ্য পরিষেবা নতুন দিশা দেখবে।
কার্গিলের বীর সেনাকে প্রণাম, টালায় শহিদ ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা











